রোনালদোকে বিক্রি করে দিচ্ছে রিয়াল!
ক্রিস্টিয়ানো রোনালদোর সমস্যা এখনো মেটেনি। গ্রানাডার বিপক্ষে ওই ম্যাচের পর প্রায় দুই সপ্তাহ হতে চলল, কিন্তু ক্লাব রিয়ালের সঙ্গে তাঁর বিবাদ মিটমাটের কোনো খবর নেই; বরং আজ বৃহস্পতিবার বিখ্যাত একটি ফুটবল ওয়েবসাইট গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সমস্যা না মিটলে রোনালদোকে হয়তো বিক্রি করে দেবে বর্তমান স্প্যানিশ চ্যাম্পিয়নরা।রোনালদোর চুক্তিতে আছে, রোনালদোকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ক্ষতিপূরণ হিসেবে রিয়ালকে গুনতে হবে এক বিলিয়ন ইউরো। তবে রিয়াল ওই মূল্যের পাঁচ ভাগের এক ভাগে রোনালদোকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে গোল ডটকমের প্রতিবেদনে জানা গেছে। ২ সেপ্টেম্বর লা লিগা গ্রানাডার বিপক্ষে ম্যাচে রোনালদোর পা থেকে আসে দুটি গোল। ওই গোল দুটো ছিল রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর ১৪৯ ও ১৫০তম গোল। গ্রানাডার বিপক্ষে জয়টিও ছিল এবারের লিগে রিয়ালের প্রথম পূর্ণ পয়েন্ট। কিন্তু গোল করার পর রোনালদোর মধ্যে ছিল না উদযাপনের কোনো উচ্ছ্বাস; বরং ‘করতে হবে বলেই করা’টাইপের উদযাপনে তিনি সবাইকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেন, কোনো একটি কারণে তিনি মানসিকভাবে ভালো অবস্থানে নেই। ম্যাচ শেষে সাংবাদিকেরা তাঁকে ব্যাপারটি নিয়ে প্রশ্ন করলে তিনি ঝাঁপি খুলে দেন। জানান, রিয়াল মাদ্রিদে সময়টা নাকি একেবারেই সুখে কাটছে না তাঁর। রোনালদোর এই মন্তব্যের পর তোলপাড় ওঠে ফুটবল বিশ্বে। গুজব ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যতম ধনী এই ফুটবল তারকার মাদ্রিদের দিন বুঝি শেষ হওয়ার পথে।অনেকেই বলছিলেন, এই মৌসুমের শুরুতে চুক্তির অঙ্কটা এক ধাক্কায় বাড়িয়ে নিতে চেয়েছিলেন ‘সিআর-৭।’ ক্লাব রাজি না হওয়ায় দারুণ অসন্তুষ্ট তিনি। রোনালদো নিজে অবশ্য জানিয়েছেন, টাকা-পয়সা তাঁর এই অসুখী সময়ের কারণ নয়।গতকাল বুধবার রোনালদো মাদ্রিদে ফিরেছেন। মাঝখানে কিছুদিন ব্যস্ত ছিলেন পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। মাদ্রিদে ফিরেই রোনালদো রিয়ালের অনুশীলনে যোগ দেন। তবে গুজব ডালপালা মেলে যে অচিরেই রিয়াল ছেড়ে চলে যাচ্ছেন তিনি।এদিকে রিয়াল মাদ্রিদ অবশ্য রোনালদোকে রেখে দিতে চায়। একই সঙ্গে ওই ২০০ মিলিয়ন ইউরোর পরিকল্পনাটাও ফাইলে রেখে দিতে চায় তারা। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, কোচ হোসে মরিনহো ও খেলোয়াড়দের সঙ্গে অচিরেই মুখোমুখি আলোচনায় মিলিত হবেন বলে জানা গেছে।২০০৯ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। ওই সময় রোনালদোকে দলে ভেড়াতে ‘লস ব্ল্যাঙ্কোস’দের খরচ হয়েছিল ১০০ মিলিয়ন ইউরো।