আজ সেভিয়া ভয়ে ভয়েই থাকবে। গত মৌসুমের ছবিটাই যে ফিরে আসছে নতুন করে!গতবার ডিসেম্বরে লিগের প্রথম এল ক্লাসিকোতে নিজেদের মাঠে প্রথম মিনিটে গোল করেও ম্যাচটা ৩-১-এ হেরেছিল রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচের পর মাদ্রিদের সংবাদমাধ্যম সমালোচনার চাবুক মেরেছিল রিয়ালকে। ক্ষতবিক্ষত হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আহত বাঘ ফুঁসে উঠলে কী হয়, সেটা বুঝেছিল সেভিয়া। লিগের পরের ম্যাচেই সেভিয়ার বিপক্ষে ঝাল মিটিয়েছিল রিয়াল। সব ক্ষোভ উগরে দিয়েছিলেন রোনালদো। পর্তুগিজ তারকার হ্যাটট্রিকে সেভিয়ার মাঠ থেকে ৬-২ গোলে জিতে ফিরেছিল হোসে মরিনহোর দল। আজও সেই সেভিয়ার মাঠেই খেলা!রোনালদোও সমালোচনায় বিক্ষত। লা লিগায় ঠিক আগের ম্যাচের পর তাঁর সেই মন্তব্য—‘সুখী নই’। এর পর মাদ্রিদের সংবাদমাধ্যম এই উইঙ্গারকে রীতিমতো ধুয়ে দিয়েছে। সেভিয়ার আজ ভয় পাওয়ারই কথা। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে দারুণ খেলে রিয়ালে ফেরা রোনালদোও বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘এখন আমার পুরো মনোযোগ রিয়ালেই।’সংশয় শুধু ছিল দুটি জায়গায়। সতীর্থ এবং সমর্থকদের প্রতিক্রিয়া। কারণ এমনও গুঞ্জন শোনা গিয়েছিল, রিয়ালের ড্রেসিংরুমের একাংশ রোনালদোর বিরুদ্ধে। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে আলভারো আরবেলোয়া বলছেন, সতীর্থরা সবাই রোনালদোর পাশে। অতীত ভুলে সবার মনোযোগ এখন সামনে বলেই মন্তব্য রিয়াল ডিফেন্ডারের, ‘সংশ্লিষ্ট সবাই এখনো সব সমস্যা পেছনে ফেলে সামনে তাকাচ্ছে। আর আমিও মনে করি সমর্থকেরা এখন ওর নামে আরও বেশি হর্ষধ্বনি দেবে।’রিয়াল এবং জাতীয় দলের হয়ে দারুণ ফর্মে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন বলছেন, এ নিয়ে বেশি জল ঘোলা হয়েছে, আর নয়, ‘ও কী বলেছে তাতে আমাদের আসলে বেশি মনোযোগ দেওয়া উচিত হবে না। সেভিয়ায় আমাদের জিততেই হবে। লিগে আর বেশি পয়েন্ট হারালে আমাদের চলবে না।’হিগুয়েইন ঠিক বার্তাটাই দিয়েছেন। মাত্র ৩ ম্যাচ খেলা হয়েছে। কিন্তু এরই মধ্যে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান ৫। লিগের সবে শুরু বলে ব্যবধান খুব বড় নয়। কিন্তু আবার ‘বড়’ও। এটা যে স্প্যানিশ লিগ। গত ম্যাচে গ্রানাডাকে ৩-০ গোলে হারিয়ে কক্ষপথে ফিরলেও প্রথম দুই ম্যাচে মাত্র একটি পয়েন্ট পেয়েছে রিয়াল। ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্রয়ের পর হেরে গেছে গেটাফের বিপক্ষে। আজ সেই গেটাফের সঙ্গেই নিজের মাঠে খেলা বার্সেলোনার। গত মৌসুমে তিনটি ম্যাচের একটি হেরেছিল বার্সা এই গেটাফের বিপক্ষেই। বোঝাই যাচ্ছে, রিয়াল-বার্সার মতো সিংহদের সঙ্গে লড়তে গেটাফের ভয়-ডর একটু কম। সেই সাহস নিয়েই আজ ইনিয়েস্তা-সানচেজবিহীন বার্সার বিপক্ষে গেটাফে ঝাঁপিয়ে পড়বে বলে মনে করেন জাইমে গ্যাভিলান। গেটাফে মিডফিল্ডার বলেছেন, ‘এই ম্যাচ থেকে আমরা ইতিবাচক কিছু পেতে চাই। কাগজে-কলমে ওরা আমাদের চেয়ে শক্তিশালী। কিন্তু মাঠের খেলাটা ১১ বনাম ১১। প্রতিটি ম্যাচই নতুন। তাই যেকোনো কিছুই সম্ভব।’এদিকে ইতালিয়ান সিরি ‘আ’তে আজ আটালান্টার বিপক্ষে খেলবে এসি মিলান। জার্মান বুন্দেসলিগায় মেইঞ্জের বিপক্ষে নামবে বায়ার্ন মিউনিখ। বর্তমান চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে বায়ার লেভারকুসেনের। এএফপি, ওয়েবসাইট।