রোনালদোকে রুখতে
ইয়ুর্গেন ক্লপ এমন কোনো বিস্ময়কর তত্ত্ব দেননি—এ কথা সবাই জানে। প্রায় প্রত্যেক কোচই রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে শিষ্যদের এই কথাই বলেন। তাতে কাজ হয় কই? ক্রিস্টিয়ানো রোনালদো তো রোনালদোই আছেন! কী বলেছেন ক্লপ? বলেছেন, যদি সেমিফাইনালটা জিততে চায় বরুসিয়া ডর্টমুন্ড, রোনালদোকে সামান্যতম জায়গাও দেওয়া চলবে না। গ্রুপ পর্বেই দুই দলের দেখা হয়েছিল। তাতে নিজেদের মাঠে জিতে এবং রিয়ালের মাঠে জিততে জিততে ড্র করায় অনেকেই মনে করছেন, মানসিকভাবে অন্তত এগিয়ে থাকবে ডর্টমুন্ড। তবে এই ধারণাকে খোদ ডর্টমুন্ড কোচই বাতিল করে দিলেন, ‘আমাদের বিপক্ষে কীভাবে খেলতে হবে, এ ব্যাপারে মাদ্রিদ আগের চেয়ে ভালোভাবে জেনেবুঝেই প্রস্তুতি নেবে। কিন্তু আমরা সেই অবস্থায় পৌঁছাতে পারিনি এখনো।’গ্রুপ পর্বের সেই লড়াইয়ে রিয়াল তুলনামূলক কম শক্তিধর দল খেলিয়েছে বলেও মনে করেন ক্লপ। তবে তার মানে এই নয়, পরাজয় মেনেই নিচ্ছেন তিনি, ‘গ্রুপ পর্বে মার্সেলো ছিল না। আক্রমণ ভাগেও কয়েকজন খেলোয়াড় চোটের কারণে বাইরে ছিল। মাদ্রিদ আগের চেয়ে অনেক শক্তিশালী দল খেলাবে। তবে আমরাও তা-ই। আমরা নিজেদের খেলাটা উপভোগ করব। সেমিফাইনাল খেলতে পারাটাই তো আমাদের জন্য অনেক বড় কিছু।’ ওয়েবসাইট।