রোনালদোকে রোমারিওর তোপ

একসময় তাঁরা কাঁধে কাঁধ মিলিয়েই পরাস্ত করতেন প্রতিপক্ষের ডিফেন্ডারদের। রোমারিও-রোনালদো ফুটবল বিশ্বে এখনো স্মরণীয় হয়ে আছেন ‘রো-রো’ জুটি হিসেবে। কিন্তু ফুটবল থেকে অবসরের পর দুজনই হেঁটেছেন দুই রাস্তায়। রোনালদো যেমন এবারের বিশ্বকাপে আয়োজক কমিটির অন্যতম প্রধান ব্যক্তিত্ব। আর রোমারিও এই আয়োজক কমিটিরই একনিষ্ঠ সমালোচক! স্বাভাবিকভাবেই ব্রাজিলের সাবেক এই দুই তারকা এখন দুই ভিন্ন শিবিরে। একে অপরকে কথার বাণে বিদ্ধ করতেও পিছপা হননি এককালের এই দুই ‘টিমমেট’।
সম্প্রতি, রোমারিও আবারও চটেছেন রোনালদোর বিপক্ষে। রোনালদোর বিপক্ষে রোমারিওর অভিযোগ ‘দ্বিমুখী’ আচরণের।
গত সপ্তাহে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে রোনালদো বলেছিলেন, বিশ্বকাপ আয়োজন নিয়ে ব্রাজিলের ত্রুটি-বিচ্যুতিতে তিনি বিব্রতবোধ করছেন। সাবেক সতীর্থের এই মন্তব্যটিকে ‘সুবিধাবাদী’ বলে আখ্যায়িত করেছেন রোমারিও।
রাজনীতিতে রোনালদো ব্রাজিলীয় প্রেসিডেন্ট দিলমা রোসেফের সমর্থক হিসেবেই পরিচিত। কিন্তু সম্প্রতি তিনি বলেছেন, আগামী নির্বাচনে নাকি তিনি ভোট দেবেন রোসেফের বিপক্ষেই। ব্যাপারটি ব্রাজিলেও তৈরি করেছে আলোড়ন। অবস্থা বুঝে রোনালদো বোল পাল্টাচ্ছেন কি না, এমন সন্দেহও প্রকাশ করেছেন অনেকে। রোমারিও পুরো বিষয়টিকে ঠিক এভাবেই দেখতে চান, ‘সবাই জানে আমি কিসের পক্ষে আর কিসের বিপক্ষে। খেলা কোনদিকে গড়াচ্ছে, সেটা দেখে আমি দল বদল করি না।’
রোমারিও বরাবরই ব্রাজিলে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সমালোচনা করে এসেছেন ব্রাজিল সরকার ও বিশ্বকাপ আয়োজক কমিটির। বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে উন্নয়নশীল ব্রাজিলে বিপুল পরিমাণ সাধারণ জনগোষ্ঠীর মৌলিক সমস্যাগুলোকে উপেক্ষা করে যাওয়া হচ্ছে বলেই অভিযোগ রোমারিওর। এ থেকে এক চুলও সরে আসেননি তিনি। বিশ্বকাপ আয়োজনে মাঠের বাইরে লড়াইয়ে ব্রাজিল পরাজিতই হয়েছে বলে অভিমত রোমারিওর, ‘আমরা মাঠের বাইরের লড়াইয়ে হেরেই গেছি। এখন শুধু আশা আর প্রার্থনা করতে পারি যেন আমরা মাঠে ভালো করতে পারি।’ রয়টার্স