রোনালদোকে লাল কার্ড দেখানো রেফারি এক মাস নিষিদ্ধ!

অ্যাথলেটিক বিলবাওয়ের কার্লোস গুরপেগিকে হালকা চাপড় দিয়ে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। রেফারি আইজা গামেজ সময়ক্ষেপণ না করে ফট করে দেখিয়ে দিলেন লাল কার্ড! এখানেই শেষ নয়। এরপর স্প্যানিশ ফুটবল ফেডারেশন লা লিগায় তিন ম্যাচ নিষিদ্ধ করে সিআর সেভেনকে। মাঠে রোনালদোকে লাল কার্ড দেখিয়ে রেফারি কি তবে ‘সাপের লেজে’ পা দিয়ে ফেললেন? কেননা রেফারির ওপরও যে নেমে এসেছে নিষিদ্ধের খড়্গ!
এ ঘটনার পর গামেজকে এক মাসের জন্য ম্যাচের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিয়েছে স্পেনের ‘রেফারিং টেকনিক্যাল কমিটি’। স্প্যানিশ রেডিও স্টেশন ‘কাদেনা কোপ’ জানিয়েছে এ খবর। শুধু তা-ই নয়, চলতি মৌসুমে রিয়ালের ম্যাচগুলোয় গামেজকে রেফারিং না করানোর সিদ্ধান্ত কমিটির।
রেফারির বিরুদ্ধে এমন ‘ব্যবস্থা’ নেওয়ায় স্বাভাবিকভাবেই হালে পানি পেয়েছে রিয়াল শিবির। কারণ এটি হয়তো পর্তুগিজ উইঙ্গারের শাস্তি হ্রাসে সহায়তা করবে। আজ শুক্রবার রোনালদোর শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন আপিল কমিটির। শাস্তি বহাল থাকলে অবশ্য রিয়াল তারকা ভিয়ারিয়াল, গেটাফে ও এলচের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না৷ ওয়েবসাইট।