রোনালদোকে শত্রুও ভাবেন ক্যাসিয়াস
রিয়াল মাদ্রিদের দুই সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো আর ইকার ক্যাসিয়াসকে সবাই খুব ভালো বন্ধু হিসেবেই জানেন। কিন্তু পর্তুগিজ স্ট্রাইকার রোনালদোকে নাকি ‘শত্রু’ হিসেবেও দেখেন ক্যাসিয়াস। তাঁরা নাকি প্রায়ই অনেক ঝগড়াঝাটিও করেন বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক।ইএসপিএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে স্পেনের বিশ্বকাপজয়ী দলের এই অধিনায়ক বলেছেন, ‘রোনালদো আমার সতীর্থ, বন্ধু। কিন্তু সে আমার শত্রুও বটে। কারণ আমরা প্রায়ই অনেক ঝগড়া করি।’ তবে শত্রু ভাবলেও ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুমে রোনালদোর দুর্দান্ত পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করতে ভুলেননি ক্যাসিয়াস। লা লিগায় রেকর্ড ৪০টি গোল করে রোনালদো পেছনে ফেলেছেন সাবেক রিয়াল মাদ্রিদ কিংবদন্তি হুগো সানচেজকে। তাঁর এই পারফরমেন্সকে প্রশংসায় ভাসিয়ে ক্যাসিয়াস বলেছেন, ‘আমি কখনো হুগোর সঙ্গে খেলিনি। তাঁর খেলাও খুব বেশি দেখিনি। আমি রিয়াল মাদ্রিদের স্বপ্নের দলে নিশ্চিতভাবেই এগিয়ে রাখব রোনালদোকে। এক মৌসুমে ৪০টা গোল করা খুবই কঠিন ব্যাপার। আর এ রকম পারফরমেন্স তাঁর এবারই প্রথম না। কাজেই সে যে অন্য অনেকের চেয়ে এগিয়ে আছে, এটা স্বীকার করতেই হবে।’ ইএসপিএন।