রোনালদোকেই এগিয়ে রাখছেন মরিনহো
রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা লড়াইটা ‘শেষ হইয়াও হইল না শেষ’। দুই শিবির থেকে নতুন লড়াইয়ের মঞ্চ তৈরি হচ্ছে। লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো—কার হাতে ওঠা উচিত এবারের ফিফা-ব্যালন ডি’অর, এ নিয়ে পাল্টাপাল্টি তোপ দাগা শুরু হয়ে গেছে। এই মৌসুমে দুজনই যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছিলেন। ৫৯ ম্যাচে অবিশ্বাস্য ৭২টি গোল করেছেন মেসি। ৫৫ ম্যাচে রোনালদোর গোল ৬০টি। গোলে রোনালদো পিছিয়ে আছেন, কিন্তু মেসিকে দর্শক বানিয়ে এবার লা লিগা জিতেছেন তিনিই। ঘরোয়া আর ইউরোপের দুটি মুকুটই এবার মেসি সঁপে দিয়েছেন। যদিও এই মৌসুমে ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ আর স্প্যানিশ সুপার কাপ—তিনটি ট্রফি আছে তাঁর নামের পাশে। জিততে পারেন স্প্যানিশ কাপও।ভোটাভুটিতে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা যে হবে, সেই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। জমে উঠেছে ‘নির্বাচনী প্রচারণা’ও। স্বভাবসুলভ ভঙ্গিতে হোসে মরিনহো বলছেন, মৌসুমে মেসির গোল বেশি, কিন্তু বেশির ভাগই তা ‘অগুরুত্বপূর্ণ’ গোল। রোনালদোর মতো তো আর লিগ জেতাননি। আর পাল্টা জবাব দিয়ে হাভিয়ের মাচেরানো বলছেন, মেসি এই মৌসুমে এমন এক কীর্তি গড়েছেন, যেটি গত ৭৫ বছরে কেউ পারেনি। মরিনহোর বক্তব্যটি আগে শুনুন, “মেসি ৫০ গোল (লিগে) করেছে ঠিকই, কিন্তু সেটার কোনো মূল্য নেই। ঠিক যেমন গত মৌসুমে ক্রিস্টিয়ানো ৪২ গোল করেছিল, যেটার দাম নেই। ক্রিস্টিয়ানো সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি পায়নি ঠিকই, কিন্তু সেটা পুষিয়ে নিতে পারে ব্যালন ডি’অর জিতে।”স্প্যানিশ কাপ জিতলে এক মৌসুমে মেসির ট্রফি হবে চারটি। ফেলনা নয় মোটেও। এক মৌসুমে একটি ক্লাব তো সর্বোচ্চ ছয়টি ট্রফিই জিততে পারে। কিন্তু সমস্যা হলো, এই চারটি ট্রফি গুরুত্ব বিবেচনায় স্প্যানিশ লিগ আর চ্যাম্পিয়নস ট্রফির চেয়ে বিস্তর পিছিয়ে। বাঁয়ের পাল্লায় ওই চারটি ট্রফি অন্য পাল্টায় এই দুটি ট্রফি তোলা হলে, ডান দিকের পাল্লাই হেলে থাকবে। তা হলে মাচেরানোর যুক্তিটা কী?মাচেরানো বলছেন মেসির ব্যক্তিগত ঔজ্জ্বল্যের কথা। মেসি এই মৌসুমে দুটি রেকর্ড গড়েছেন। এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার ইউরোপিয়ান রেকর্ড (আগেরটি ছিল জার্ড মুলারের) ভেঙে মেসি এগিয়ে গেছেন বিশ্ব রেকর্ডের দিকে। ভেঙে দিয়েছেন ১৯২৪-২৫ মৌসুমে যুক্তরাষ্ট্রের লিগে খেলে ৭০ গোল করা আর্চি স্টার্কের রেকর্ড। আর্জেন্টিনার সাবেক অধিনায়ক, মেসির বার্সা সতীর্থ বলছেন, “ব্যালন ডি’অর লিওরই প্রাপ্য, কারণ ও এমন কিছু অর্জন করেছে যেটি ১৯৩০-এর পর আর কেউ পারেনি। আমরা এমন একটা মানুষ সম্পর্কে বলছি, যে কিনা ৭০-৮০ বছর পুরোনো রেকর্ড ভেঙেছে। এর সেরা পুরস্কার ব্যালন ডি’অর ছাড়া আর কী হতে পারে?”রোনালদোর সামনে অবশ্য এমন একটি সুযোগ আছে মেসির যেটি নেই। এ বছর হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারে যেটি রাখবে বড় প্রভাব। অবশ্য জাতীয় দলের জার্সি গায়ে মেসির মতো রোনালদোও নিষপ্রভ। এই জায়গায় দুজনের মধ্যে যেন ভীষণ মিল! মরিনহো অবশ্য রোনালদোর পক্ষে দাঁড়াচ্ছেন এই বলে, ‘রিয়াল মাদ্রিদ এক জিনিস, জাতীয় দল আরেক ব্যাপার। মাদ্রিদ ওকে যে সাপোর্টটা দিতে পারে, পর্তুগালের পক্ষে সেটা দেওয়া সম্ভব নয়। ক্রিস্টিয়ানোর পক্ষেও সম্ভব নয় পর্তুগালের হয়ে ১০-১৫টি গোল করা, শিরোপা জেতানো।’ ওয়েবসাইট।