রোনালদোকেই পেল বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে দেখিয়ে কী বলতে চাইছেন রোনালদো? ‘আমি চাইলে একাই আমার দলকে বিশ্বকাপে নিয়ে যেতে পারি’! কথা সত্যি। রোনালদো একাই তো পর্তুগালকে নিয়ে গেলেন বিশ্বকাপে। পরশু ফ্রেন্ডস অ্যারেনায় তাঁর দ্বিতীয় গোলের পর  এএফপি
নিজেকে দেখিয়ে কী বলতে চাইছেন রোনালদো? ‘আমি চাইলে একাই আমার দলকে বিশ্বকাপে নিয়ে যেতে পারি’! কথা সত্যি। রোনালদো একাই তো পর্তুগালকে নিয়ে গেলেন বিশ্বকাপে। পরশু ফ্রেন্ডস অ্যারেনায় তাঁর দ্বিতীয় গোলের পর এএফপি

ম্যাচের আগেই বলাবলি হচ্ছিল, পর্তুগাল-সুইডেন নয়, লড়াইটা আসলে রোনালদো বনাম ইব্রাহিমোভিচ।
শুধরে দিয়ে ইব্রা বারবার বলেছেন, ভুল করছেন আপনারা। ফুটবলে কখনো দুজনের লড়াই হয় না। এটা দলের খেলা। পর্তুগাল-সুইডেনের লড়াই।
ভুল। একেবারেই ভুল বলেছিলেন ইব্রা। কিংবা হয়তো জেনেশুনেই ভুলটা বলেছেন। ভেতরে ভেতরে তিনিও তো জানতেন—এটা তাঁর সঙ্গে রোনালদোরই লড়াই। যে লড়াইয়ে হেরে গেলে ভেঙে চুরমার হবে বিশ্বকাপের স্বপ্ন। আগে থেকেই নিজের ওপর এত চাপ নিতে চাননি হয়তো!
তবু শেষ রক্ষা হলো না। সবটুকু দিয়েও পারলেন না ইব্রা। তাঁকে আক্ষেপের আগুনে পুড়িয়ে, হতাশার সাগরে ভাসিয়ে লড়াইটা জিতে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইব্রাহিমোভিচের স্বপ্ন চূর্ণ করে বিশ্বকাপে যাচ্ছেন পর্তুগিজ উইঙ্গার, যাচ্ছে তাঁর দল পর্তুগাল।
বিশ্বকাপ রোনালদোকে নয় আমাকেই বেশি চায়—লড়াইয়ে নামার আগে ঘোষণা দিয়েছিলেন সুইডিশ অধিনায়ক।
ভুল। আবারও ভুল বলেছিলেন ইব্রা। বিশ্বকাপ আসলে রোনালদোকেই বেশি চেয়েছিল। কিংবা রোনালদো বেশি চেয়েছিলেন বিশ্বকাপকে। নইলে কী করে আসে এমন রাজসিক, এমন অতিমানবীয় পারফরম্যান্স! যা দেখে শেষ পর্যন্ত হাততালি দিতে হয় ফুটবলের ‘ব্যাডবয়’ ইব্রাহিমোভিচকেও। যা দেখে সতীর্থ-প্রতিপক্ষ সবাইকে বলতে হয়, ‘ও (ইব্রা) যা কিছু সম্ভব সবই করেছে। কিন্তু রোনালদো তার চেয়েও একটু বেশি করেছে।’
লড়াইটা আসলেই ‘রোনালদো বনাম ইব্রা’ হয়ে গিয়েছিল। তবে সেটা না হয়ে যদি ‘রোনালদো বনাম সুইডেন’ কিংবা ‘রোনালদো বনাম সারা বিশ্ব’ হতো তাহলেও যেন একই ফল হতো। ফুটবল-বিধাতার লেখা চিত্রনাট্য তো নয়, স্টকহোমে পরশু রাতে যা কিছু হয়েছে সব যেন আগেই নিজের হাতে লিখে রেখেছিলেন রোনালদো! নইলে ম্যাচ শেষে কী করে এমন আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন, ‘আমি জানতাম, এই ম্যাচে দলের আমাকে দরকার হবে। আমি তৈরি হয়ে ছিলাম।’
তৈরি ছিলেন ইব্রাও। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গের বেদনায় ঘোষণা দিয়ে দিলেন বিশ্বকাপই দেখবেন না, ‘এটা ছিল বিশ্বকাপে খেলার শেষ চেষ্টা। একটা ব্যাপার নিশ্চিত, যে বিশ্বকাপে আমি খেলব না সে বিশ্বকাপে দেখারও কিছু নেই। পরের বিশ্বকাপের জন্য অপেক্ষাও পোষাবে না।’ অপেক্ষা পরের কথা, বাস্তব বলছে, বিশ্বকাপ-স্বপ্নই শেষ হয়ে গেছে ইব্রার। ৩২ বছর বয়সী ইব্রা পরের বিশ্বকাপে ৩৬ পেরিয়ে যাবেন। তত দিনে মাঠের
লড়াইয়ে নিজেকে ধরে রাখতে পারবেন তো?
আর রোনালদো? মাস দুয়েক আগে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে তাঁর প্রথম হ্যাটট্রিকে বাছাইপর্বে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছিল পর্তুগাল। পরশু দ্বিতীয় হ্যাটট্রিক এনে দিয়েছে বিশ্বকাপের টিকিট। ওই ম্যাচে তিন গোল করে রোনালদো পেরিয়ে গিয়েছিলেন পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওকে (৪১ গোল)। স্টকহোমে স্পর্শ করেছেন পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা পাওলেতাকে (৪৭)। সব মিলিয়ে এই মৌসুমে ২২ ম্যাচে পাঁচ হ্যাটট্রিকসহ ৩২ গোল, এ বছর ৬৬টি।
প্রধান প্রতিদ্বন্দ্বী মেসিকে আটকে রেখেছে চোট। চার বছর ধরে অধরা ব্যালন ডি’অর এবার তাঁর হাতে না উঠলে সেটাই হবে এ বছর ফুটবলের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা। এএফপি, ওয়েবসাইট।