রোনালদোকেই সেরা বলছেন কাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি, না ক্রিস্টিয়ানো রোনালদো? পুরো ফুটবল-বিশ্বে চলছে এখন এই তর্ক। রিয়াল-বার্সার খেলোয়াড়েরাও মাঝেমধ্যেই এতে যোগ দেন। সাধারণত সতীর্থেরই জয়গান করেন। কাকাও তা-ই করলেন। রিয়াল-সতীর্থ রোনালদোকেই দিলেন সেরার স্বীকৃতি। জানিয়ে দিলেন নিজের বিশ্বাসের কথাও—রোনালদোর চেয়ে পরিপূর্ণ ফুটবলার এ মুহূর্তে আর কেউ নেই। নিজের দাবির পক্ষে যুক্তিও দিয়েছেন এই ব্রাজিলিয়ান।রোনালদোর অলরাউন্ড সামর্থ্যই কাকার চোখে তাঁকে শ্রেষ্ঠ বানিয়েছে। রিয়াল মাদ্রিদের অফিশিয়াল ওয়েবসাইটে কাকা বলেছেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড় বেছে নেওয়াটা একটা আপেক্ষিক ব্যাপার। এটা নির্ভর করে সামগ্রিকভাবে আপনি কী করতে পারেন, সেটার ওপর। তবে আমি বলতে পারি, ক্রিস্টিয়ানো রোনালদোই আধুনিক ফুটবলের সবচেয়ে অলরাউন্ড খেলোয়াড়। সে দুই পায়ে, মাথা দিয়ে এবং ফ্রি-কিক থেকেও গোল করে।’রোনালদোর সঙ্গেই ২০০৯ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছিলেন কাকা। কাকা-রোনালদো জুটির সম্ভাব্য বিধ্বংসী রূপ নিয়ে অনেক কথাই হয়েছিল। কিন্তু কাকার একের পর এক চোট সেই সম্ভাবনাকে ডানা মেলতে দেয়নি। তবে এই মৌসুমে আবার দেখা দিতে শুরু করেছেন পুরোনো রূপে। তাঁর সেই এসি মিলানের সময়ের মতো কিছু ঝলকও দেখা যাচ্ছে, যেটা দেখে ৫৬ মিলিয়ন পাউন্ড খরচ করে তাঁকে কিনেছিল রিয়াল মাদ্রিদ। ওয়েবসাইট।