রোনালদোদের মরিনহোর সতর্কবার্তা
গত বছর ইন্টার মিলানকে ট্রেবল জিতিয়ে এবার রিয়াল মাদ্রিদের শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়েই স্পেনে এসেছেন হোসে মরিনহো। মৌসুমের শুরুতে আশানুরূপ সাফল্য না পেলেও ধীরে ধীরে ছন্দে ফিরছে রিয়াল মাদ্রিদ। এখন আগেরবারের সব ভুলত্রুটি শুধরে নিয়ে রিয়ালকে সাফল্যের স্বর্ণশিখরে বসাতে চান এই ‘স্পেশাল ওয়ান’ মরিনহো। গত বছর কিংস কাপে এলকোরকনের কাছে ৪-০ গোলের লজ্জাজনক পরাজয়ের পর রিয়ালের বিদায়টা এখনো কাঁটার মতো বিঁধে আছে অনেকের মনে। এবারও যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য শিষ্যদের বেশ কঠোরভাবেই সতর্ক করে দিয়েছেন মরিনহো।কিংস কাপের চতুর্থ রাউন্ডে আজ রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে স্পেনের তৃতীয় বিভাগের দল মুরসিয়ার বিপক্ষে। প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের তুলনায় খুবই নগণ্য হলেও মরিনহো যে ম্যাচটাকে কত গুরুত্বের সঙ্গে দেখছেন, তা স্পষ্টই বোঝা যায় তাঁর কথা থেকে। ‘এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। যদি গত বছরের মতো ঘটনা ঘটে, তাহলে অনেককেই আমি বাদ দেব, কারণ তাঁরা আমার কাছে মৃত বলে গণ্য হবে’, বলেছেন মরিনহো। ১৯৯৩ সালে শেষবারের মতো কিংস কাপ জিতেছিল রিয়াল মাদ্রিদ। মরিনহো যে এবার এই শিরোপা জয়ের স্বাদ নিতে চান, সেটা তিনি বেশ ভালোমতোই বুঝিয়ে দিয়েছেন সবাইকে।আজকের এই ম্যাচে অবশ্য দলের নিয়মিত তিন খেলোয়াড় রিকার্ডো কারভালহো, মেসুত ওজিল আর জাবি আলোনসোকে মাঠে নামাবেন না মরিনহো। তবে প্রথম একাদশে রোনালদো, করিম বেনজেমা থাকবেন বলে জানিয়েছেন তিনি। এই ম্যাচটা বেনজমার জন্যও খুবই গুরুত্বপূর্ণ। লা লিগা আর চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে মরিনহোর প্রথম একাদশে এখনো নিয়মিত হতে পারেননি বেনজেমা। মুরসিয়ার বিপক্ষে ভালো খেলে নিজের যোগ্যতা প্রমাণ করার একটা ভালো সুযোগ পাবেন এই ফরাসি স্ট্রাইকার। সকারনেট।