রোনালদোনির্ভর হতে চান না বেন্তো

নিজেদের প্রথম ম্যাচেই জার্মানির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর আজ রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল। জার্মানদের বিপক্ষে একেবারেই নিষ্প্রভ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে চোটের সঙ্গে যুদ্ধরত এই পর্তুগিজ তারকার ওপর সব দায় দিতে রাজি নন কোচ পাওলো বেন্তো।
সংবাদ সম্মেলনে পর্তুগাল কোচ বলেন, ‘রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়...আমরা কেবল তাঁকে চাই। অন্যরা তাঁদের নিজেদের কাজটিই করুক। রোনালদো একাই ম্যাচের ফল এনে দেবে, সেটা আমরা প্রত্যাশা করি না। এখানে আমরা এসেছি দল হিসেবেই। আমাদের সমস্যা সমাধানের সব দায়িত্ব তার কাঁধে তুলে দিতে চাই না। এটা আমার দায়িত্ব।’
অবস্থা এমন দাঁড়িয়েছে, পর্তুগাল দলের চেয়েও মানুষের সব আগ্রহ রোনালদোকে নিয়ে! তবে এতে মোটেও বিব্রত নন পর্তুগিজ খেলোয়াড়েরা। দলের মিডফিল্ডার রাউল মেইরেলেস বলেন, ‘ ব্যাপারটা খুবই স্বাভাবিক। বিশ্বের সেরা খেলোয়াড়টি আমাদের দলে। মানুষ রোনালদোকে নিয়ে কথা বলবেই। এতে আমরা অভ্যস্ত। তাকে নিয়ে মানুষের তুমুল আগ্রহে আমরা গর্বিত।’
ওদিকে কেবল রোনালদোকে নিয়েই ভাবতে রাজি নয় যুক্তরাষ্ট্র দল। দলটির মধ্যভাগের সেনানী জার্মেইন জোনস রিয়াল তারকা প্রসঙ্গে বলেন, ‘কেবল তাঁকে থামানোর চেষ্টা করব কিংবা কেবল ক্রিস্টিয়ানোর (রোনালদো) বিপক্ষে খেলব—কোচ সেটি মোটেও চান না।’
পর্তুগিজ উইঙ্গারকে কাছ থেকে চেনা-জানার সুযোগ হয়েছে যুক্তরাষ্ট্র গোলরক্ষক টিম হাওয়ার্ডের। একটা সময়ে দুজনেই ছিলেন ওল্ড ট্রাফর্ডে। সেটি ২০০৩ সালের কথা। তখন অবশ্য রোনালদো আজকের রোনালদো হয়ে ওঠেননি। তবে সাবেক সতীর্থের গুণগানই গাইলেন হাওয়ার্ড। বলেন, ‘ভাবতে পারেন সে বিশ্বের বর্ষসেরা খেলোয়াড়? কেবল এ সময়েই নয়, তার অসাধারণ দক্ষতা রয়েছে। মাঠে কিংবা মাঠের বাইরে তার মতো পরিশ্রমী খেলোয়াড় দ্বিতীয়টি দেখিনি।’ রয়টার্স।