
আচ্ছা, কেউ কি একা বিশ্বকাপ জেতাতে পারেন? অনেকেই চট করে ডিয়েগো ম্যারাডোনার কথা বলবেন। কিন্তু সেটাও প্রায় ৩০ বছরের কাছাকাছি হয়ে গেল, এর মধ্যে ফুটবল নামের নদী কত বাঁক নিয়েছে! আধুনিক যুগে একা বিশ্বকাপ জেতানো আর পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির এভারেস্টে ওঠা প্রায় সমান কৃতিত্বের। সে কারণেই ক্রিস্টিয়ানো রোনালদোকে সবাই যতই এই সময়ের অন্যতম সেরা ফুটবলার বলে স্বীকার করে নিন, তাঁর দল পর্তুগালকে নিয়ে মাতামাতি সামান্যই। তার পরও অতিমানবীয় কিছু করার সামর্থ্য তো রোনালদোর আছেই, সুইডেনের সঙ্গে প্লে-অফেই সেটা দেখিয়েছিলেন। বিশ্বকাপ জেতানো একটু দূরের পথ হয়ে যেতে পারে, তবে রোনালদোর দিনে পর্তুগাল হয়তো অপ্রতিরোধ্যই হয়ে যেতে পারে।
অথচ কিছুদিন আগেও মনে হচ্ছিল আজ হয়তো আদৌ মাঠে নামা হবে না। হাঁটুর চোট এই মৌসুমে ভালোই ভুগিয়েছে তাঁকে, চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর থেকে সেটা আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত মনে হচ্ছিল বিশ্বকাপ নিয়ে সংশয়টা কেটেই গেছে। আয়ারল্যান্ডের সঙ্গে গত সপ্তাহের প্রীতি ম্যাচে ৬৫ মিনিট খেলেছেন। কিন্তু তখনই আবার একটা ধাক্কা। গত বৃহস্পতিবার খানিকক্ষণ অনুশীলন করেই বেরিয়ে যান মাঠ থেকে। চোট পাওয়া হাঁটুতে বরফ চাপছেন, এমন দৃশ্য ক্যামেরাবন্দীও হয়ে যায়। চোট কি তাহলে পুরোপুরি সারেনি? তবে গতকাল ও পরশু পূর্ণ দুই দিন অনুশীলন করে রোনালদো জানিয়ে দিয়েছেন, তিনি ঠিকই আছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আজ মাঠে নামারই কথা ‘সিআর-সেভেনের’। পর্তুগালের গোলরক্ষক এদুয়ার্দোও জানিয়েছেন, রোনালদো পুরোপুরি সেরে উঠেছেন।
রোনালদোসহ পর্তুগাল ও রোনালদোহীন পর্তুগালের মধ্যে দুস্তর ব্যবধান। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড না খেললে সেটা জার্মানির জন্য স্বস্তির কারণ হবে সন্দেহ নেই। রোনালদোকে নিয়ে আলাদাভাবে নিশ্চয়ই কোনো একটা ছক কেটেছেন জার্মানি কোচ জোয়াকিম লো। কিন্তু জার্মান মিডফিল্ডার লুকাস পোডলস্কি দাবি করছেন, সে রকম কোনো পরিকল্পনাই নাকি তাঁদের নেই। বরং নিজেদের ওপরেই আস্থা রাখছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো অসাধারণ একজন খেলোয়াড়। আমাদের জন্য বিপদও। কিন্তু আমাদের দলেও বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। যদি আমরা ছন্দটা ধরে রাখতে পারি, তাহলে ম্যাচ জিততে পারব।’ এএফপি, ওয়েবসাইট।