রোনালদোর অপেক্ষায় রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে সতীর্থ গ্যারেথ বেলের সঙ্গে ফুরফুরে মেজাজের এই ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে কে বলবে, পরদিন তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে!   রয়টার্স
অনুশীলনে সতীর্থ গ্যারেথ বেলের সঙ্গে ফুরফুরে মেজাজের এই ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে কে বলবে, পরদিন তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে! রয়টার্স

আজ বায়ার্ন-যুদ্ধের আগে পুরো বার্নাব্যুই একটা সুসংবাদের অপেক্ষায়। যে সুসংবাদটা পেলে মাঠে নামার আগেই একটা জয় পেয়ে যাবে রিয়াল!
না, এই লড়াইয়ের সঙ্গে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখের কোনো সম্পর্ক নেই। আবার আছেও। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে প্রতিপক্ষ বায়ার্ন বলেই তো চোটের কারণে তিন সপ্তাহ ধরে মাঠের বাইরে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ফিরে পেতে এতটা ব্যাকুল রিয়াল!
কিন্তু কাল পর্যন্তও সমর্থকদের ‘রোনালদো ফেরার’ সুসংবাদটি দিতে পারেননি কোচ কার্লো আনচেলত্তি। প্রথমে অবশ্য রিয়ালের এই আকুলতা দূর হয়েছে বলেই শোনা গিয়েছিল। কিন্তু কাল সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, তিনি কোনো ঝুঁকি নেবেন না, ‘ক্রিস্টিয়ানো আজ (গতকাল) স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে। কয়েক দিন ধরেই সে ভালোভাবে অনুশীলন করেছে। নিশ্চিত হতে কাল (আজ) আরেকবার পরীক্ষা করা হবে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে আমরা আত্মবিশ্বাসী। তবে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল (আজ)।’

মাদ্রিদের হোটেলে ওঠার পথে ফ্রাঙ্ক রিবেরি   রয়টার্স
মাদ্রিদের হোটেলে ওঠার পথে ফ্রাঙ্ক রিবেরি রয়টার্স

রোনালদোকে নিয়ে সংশয় থাকলেও মার্সেলোর ফেরা নিশ্চিত। কেটে গেছে গ্যারেথ বেলকে নিয়ে সংশয়ও। জ্বরের কারণে বেল সোমবার অনুশীলন করতে না পারলেও আনচেলত্তি বলেছেন, ‘এই মুহূর্তে সে ভালো আছে।’ এএফপি, রয়টার্স।
অন্যদিকে বায়ার্ন শিবিরে চোট শঙ্কা একদমই নেই। ভান্ডারের সেরা অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়েই সেমিফাইনালের প্রথম লেগ খেলতে মাদ্রিদে পা রেখেছেন ‘চেনা শত্রু’ পেপ গার্দিওলা।
সূচিতে এই ম্যাচ সেমিফাইনালই বটে। তবে অনেকেই এটিকে মনে করছেন ‘ফাইনাল’। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নের জন্য এটি চ্যাম্পিয়নস লিগ নাম হওয়ার পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার মিশন। অন্যদিকে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন রিয়াল ‘লা ডেসিমার’ স্বপ্নে বিভোর। বারবার সেমিফাইনালেই সেই স্বপ্ন ভেঙে খান খান হয়েছে রিয়ালের। এবার যে করেই হোক, সেমির দেয়াল ভাঙার পণ নিয়ে নামছে স্প্যানিশ পরাশক্তিরা।
কিন্তু তার আগে তো রিয়ালকে জার্মান-জুজু কাটাতে হবে। এই বায়ার্নের বিপক্ষে পাঁচবার সেমিফাইনালে মুখোমুখি হয়ে রিয়াল জিতেছে একবার। চারবারই জয়ী বায়ার্ন। যার সর্বশেষটি ২০১১-১২ মৌসুমে। সেবার বার্নাব্যুতে এসেই টাইব্রেকারে রিয়ালের স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছিল বায়ার্ন। এবার অবশ্য ইতিমধ্যেই রিয়াল জার্মান-জুজু অনেকটা কাটিয়ে ফেলেছে। শেষ ষোল এবং কোয়ার্টার ফাইনালে দুটি জার্মান ক্লাবকে হারিয়েই তো আজকের সেমিফাইনালে তারা। রিয়ালের জন্য আরেকটি স্বস্তির তথ্য, আনচেলত্তি বায়ার্নের বিপক্ষে কখনো হারেননি।
কোচ গার্দিওলার দেখে একই রকম অনুপ্রেরণা পাচ্ছে বায়ার্নও। বার্সেলোনাকে নিয়ে গার্দিওলা ছয়বার এসেছেন বার্নাব্যুতে। পাঁচবারই জয়, অন্যবার ড্র। মানে বার্নাব্যুতে কোচ গার্দিওলা হারেননি। কিন্তু আজ একটা শঙ্কাও আছে। সাত ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা জেতার পরই যেন বায়ার্নকে আত্মতুষ্টিতে পেয়ে বসেছে। গত শনিবার ব্রাউনশোয়াইগের বিপক্ষে জিতেছে বটে; তবে তার আগের তিন ম্যাচে জয়হীন। অধিনায়ক ফিলিপ লাম তবু আশাবাদী, ‘এই ম্যাচটা হবে রোমাঞ্চকর। আমি সত্যিই সামনের দিকে তাকিয়ে আছি। বুধবার আমরা দেখাতে চাই যে আমরা সব সময়ই গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠি। তবে এখানে সম্ভাবনাটা ৫০-৫০।’
দুই বছর আগের সেই ম্যাচে বায়ার্নকে ‘কালো পশু’ বলে গালাগাল করেছিল রিয়ালের সমর্থকেরা। সেটিকে উজ্জীবিত হওয়ার মন্ত্র হিসেবে ব্যবহার করে বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে আজ প্রতিপক্ষের মাঠে অন্তত একটি গোল চান। কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ড বার্নাব্যু থেকে ৩-০ ব্যবধানে হেরে ফেরার পর নিজেদের মাঠে ২-০ গোলে জিতেও ছিটকে পড়েছে। রুমেনিগে তাই বলছেন, ‘আমাদের অন্তত একটা গোল করতে হবে। এই শিক্ষাটা আমরা ডর্টমুন্ডের ম্যাচ থেকে পেয়েছি।’