
ক্ষোভটা ছিল ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের ওপর। সেভিয়ার কপাল মন্দ, সেই ক্ষোভ ঝাড়ার জন্য ক্রিস্টিয়ানো রোনালদো বেছে নিলেন তাদেরই। আর কী ভয়াবহ তার বহিঃপ্রকাশ, যেন খাণ্ডব দাহন! দাউদাউ করে জ্বলে ওঠা সেই ক্ষোভের আগুনে রোনালদোর সঙ্গে তুষ ছড়ালেন গ্যারেথ বেল ও করিম বেনজেমারা। পুড়ে ছারখার হলো সেভিয়া। সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদোর হ্যাটট্রিক, সঙ্গে বেল-বেনজেমার দুই জোড়া গোলে প্রতিপক্ষকে রিয়াল মাদ্রিদ উড়িয়ে দিল ৭-৩ ব্যবধানে। রোনালদো আর রিয়ালকে খেপিয়ে দেওয়ার জন্য যদি এখন ব্ল্যাটারকে দায়ী করেন সেভিয়া কোচ উনাই এমেরি সেটা খুব দোষের হবে না! লিওনেল মেসি আর রোনালদোর তুলনা করতে গিয়ে গত শুক্রবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় মেসির পক্ষ নিয়েছিলেন ব্ল্যাটার। সকৌতুকে রোনালদোর ঔদ্ধত্যের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, মাঠে সে নিজেকে কমান্ডার মনে করে। পরে অবশ্য নিজের এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ফিফা সভাপতি। কিন্তু তাতে যে রোনালদোর ক্ষোভ কমেনি, সেটা বোঝা গেল পরশু রাতে ৩২ মিনিটে পেনাল্টি থেকে নিজের প্রথম গোলটি করার পরই। কমান্ডারদের মতোই মিলিটারি স্যালুট দিয়ে।
সেটা উদ্যাপন করলেন পর্তুগিজ তারকা। রিয়াল ততক্ষণে এগিয়ে গেছে ৩-০ গোলে, তবে রোনালদোর সেটাই শুরু। এরপর ৬০ ও ৭১ মিনিটে আরও দুবার বার্নাব্যু দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়েছেন, প্রতিবার তাঁর গোলের পর গ্যালারিতে উঁচু হয়ে উঠেছে শত শত ব্যানার, যাতে লেখা ক্রিস্টিয়ানো আমরা তোমার সঙ্গে আছি। যেন ব্ল্যাটারের প্রতি ক্ষোভটা রোনালদোর একার নয়, সব রিয়াল সমর্থকদেরও।
এবারের লিগে তাঁর প্রথম হ্যাটট্রিকে লা লিগায় এই মৌসুমে গোলসংখ্যা ১১, অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার ডিয়েগো কস্তার সঙ্গে যৌথভাবে এখন তিনিই লিগের সর্বোচ্চ গোলদাতা। ১৫৭ গোল নিয়ে ফেরেঙ্ক পুসকাসকে পেরিয়ে হয়েছেন লা লিগায় রিয়ালের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা, লা লিগার ইতিহাসে পরপর দুই মৌসুমে একই প্রতিপক্ষের বিপক্ষে হ্যাটট্রিক করা দ্বিতীয় ফুটবলারও (এর আগে লাস পালমাসের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন আলফ্রেডো ডি স্টেফানো) তিনি! এতসব অর্জন আর ব্ল্যাটারের সমালোচনার জবাব দিতে গিয়ে রোনালদো কিছুটা ম্লান করে দিলেন সতীর্থ গ্যারেথ বেলকেও।
অথচ পরশু রাতটা হতে পারত শুধুই রিয়ালের ‘হান্ড্রেড মিলিয়ন ইউরো ম্যানের’ও। লা লিগায় ঘরের মাঠে প্রথমবারের মতো একাদশে জায়গা পেলেন। শোরগোল ফেলে দলে আসার পর এত দিন নিষপ্রভ থাকা, চোটের সঙ্গে লড়াই—সবকিছু পেছনে ফেলে এদিন যেন অন্য বেল। ১৩ মিনিটে প্রথম গোল, ২৭ মিনিটে দ্বিতীয়টি। ওয়েলশ উইঙ্গার থেমে থাকেননি শুধু এতেই। রিয়াল ৩ গোলে এগিয়ে যাওয়ার পর দুটি গোল শোধ করে ম্যাচটা জমিয়ে তোলার আশা জাগিয়েছিল সেভিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে বেনজেমা ও রোনালদো আরও দুটি করে গোল করে সেভিয়ার সেই আশা গুঁড়িয়ে দিয়েছেন। দুজনেরই একটি করে গোলে আছে বেলের অবদান। এল ক্লাসিকোতে তাঁর পারফরম্যান্স দেখে কিছুটা হতাশ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি সমালোচনার সুরেই বলেছিলেন, ওকে দলের সবার সঙ্গে বোঝাপড়াটা আরও বাড়াতে হবে। পরশু ছাত্রকে গোল করতে আর করাতে দেখে নিশ্চয়ই সেই হতাশা কেটে গেছে আনচেলত্তির। রোনালদোময় ম্যাচ শেষেও তাই কোচের কণ্ঠে বেলের জন্য বাড়তি প্রশংসা, ‘এটাই আসল বেল। আমরা তাকেই দেখতে চেয়েছিলাম।’
বার্নাব্যুতে যাওয়ার ছয় সপ্তাহ পরে অবশেষে আসল বেলকে খুঁজে পেয়েছে রিয়াল! এএফপি, রয়টার্স।