রোনালদোর আনন্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭০ মিনিটে ন্যু ক্যাম্পে সমুদ্রের গর্জন উঠেছিল। পরম আকাঙ্ক্ষিত গোলটা যখন এনে দিলেন অ্যালেক্সিস সানচেজ। তিন মিনিট সময় নিয়েছেন বার্সেলোনা সমর্থকদের স্তব্ধ করে দিতে। দারুণ একটা পাল্টা-আক্রমণে নিখুঁত ফিনিশিং। ভিক্টর ভালদেসের ডান পাশ দিয়ে বল পাঠিয়ে দিলেন জালে। এর পর ‘শান্ত হও’ ‘শান্ত হও’ ভঙ্গিতে জ্বালা বাড়িয়ে দিলেন ন্যু ক্যাম্পের! এই গোল দিয়ে যেন একটা জ্বালাও জুড়ালেন। লিওনেল মেসির সঙ্গে তাঁর দ্বৈরথ সেই ম্যানইউতে থাকার সময়। রিয়ালে নাম লেখানোর পর সেই লড়াইটা হয়েছে মুখোমুখি। কিন্তু রিয়ালে নাম লেখানোর পর গত দুই মৌসুমে শুধু মেসিকেই উৎসব করতে দেখেছেন। তাঁর কাছে সান্ত্বনা পুরস্কার হয়ে ছিল পিচিচি ট্রফি। এবার লিগ জয় প্রায় নিশ্চিত, লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটির লড়াইয়েও মেসিকে পেরিয়ে গেলেন পরশু। তাঁর গোল এখন ৪২, মেসি আটকে রইলেন ৪১-এই। পরশু ম্যাচের ভেতরের দ্বৈরথেও মেসিকে হারিয়েছেন। সব মিলে ছয়টি শট নিয়েছেন গোলে, মেসি এদিন শট নিতে পেরেছেন একটি। ম্যাচের পর উচ্ছ্বসিত রোনালদো টুইটও করেছেন, ‘মিশন সম্পন্ন।’ এর আগে সাংবাদিকদের বলেছেন, ‘আমি খুবই আনন্দিত। এ নিয়ে ন্যু ক্যাম্পে টানা তিন ম্যাচেই গোল করলাম। তবে এই তথ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো দলের জয়। আমি সতীর্থদের তাই অভিনন্দন জানাতে চাই তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য।’পরশু ম্যাচ শেষে রোনালদোর নেতৃত্বেই উৎসব করেছে রিয়াল। তবে আসল জাঁকালো উৎসবটা যে এখনো বাকি, সেটাই মনে করিয়ে দিয়েছেন এই পর্তুগিজ তারকা। স্প্যানিশ লিগের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগও জেতার সুযোগ তাদের সামনে। ২০০৭-০৮ মৌসুমে এই ট্রফি ম্যানইউর হয়ে জিতলেও রিয়াল গত এক দশকে ইউরোপ-সেরার মুকুট পরতে পারেনি। ‘এখন আমাদের বায়ার্নের ম্যাচটির দিকে মনোযোগ দিতে হবে। ওই ম্যাচে আমরা নিজেদের সমর্থকদের সামনেই খেলব। ওই ম্যাচেও ভালো ফল করতে আমরা উন্মুখ’—বলেছেন ২৭ বছর বয়সী উইঙ্গার।ম্যাচের আগে ‘রোনালদোর চেয়ে মেসিই সেরা’ মন্তব্য করে একটা তির ছুড়েছিলেন জাভি। জবাবটা সময়মতোই দিলেন আইতর কারাঙ্কা। রিয়ালের সহকারী কোচ বলেছেন, ‘আমার মতে রোনালদোই বিশ্বের সেরা খেলোয়াড়। ও আমাদের জন্য বেশ কিছু দুর্দান্ত জয় এনে দিয়েছে। আগের মৌসুমে কোপা ডেল রের ফাইনালও জিতিয়েছে।’ এএফপি, ওয়েবসাইট।