জুরিখ থেকে ফিফা-ব্যালন ডি’অর নিয়ে ফেরার আগে ফিফা ডট কমকে কিছুটা সময় দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সংক্ষিপ্ত সাক্ষাৎকারে একটা প্রশ্ন ছিল, ক্যারিয়ারের ৪০০ গোলের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ? রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গারের জবাব, ‘প্রতিটি। অন্তত আমার কাছে সবগুলোই সমান গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি গোলই আমার অংশ।’
উত্তর এমনই হওয়ার কথা। গোলটা কখনো রোনালদোসুলভ হবে, কখনো হবে না। কিন্তু দিন শেষে ওই গোলই তো ব্যবধান গড়ে দেয় প্রতিপক্ষ দলের সঙ্গে।
পরশুর গোলটা যেমন ঠিক রোনালদোসুলভ হলো না। সেই ট্রেডমার্ক ফ্রি-কিক। কিন্তু ছিল না গতি, সেই ধার। ফল, ওসাসুনার গোলরক্ষক আন্দ্রেস ফার্নান্দেজের একেবারে হাতে বল। কিন্তু চরম বোকামি করলেন ফার্নান্দেজ। বলটা তালুবন্দী না করে ফিরিয়ে দিতে চেয়েছিলেন হয়তো, পারলেন না। হিসাবে গোলমাল হওয়ায় সেই সাধারণ ফ্রি-কিকই তাঁর হাতে লেগে পায়ের নিচ দিয়ে জালে। রোনালদোর কৃতিত্ব যতটা না তার চেয়ে বেশি বোকামি ফার্নান্দেজের। কিন্তু ওই যে বলেছিলেন, প্রতিটি গোলই তাঁর জন্য গুরুত্বপূর্ণ! রোনালদোর এই গোলেই ওসাসুনার বিপক্ষে গোলশূন্যতা ভেঙে ফেলে রিয়াল। বিরতির পরে ব্যবধানটা দ্বিগুণ করেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ২-০ গোলেই প্রথম লেগ জেতা রিয়ালও তাই দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে ওসাসুনাকে হারিয়ে উঠে গেল কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে। গোল দিয়ে বছর শুরু করার পর গত সোমবার ব্যালন ডি’অর জয়, তারপর জুরিখ থেকে ফিরে আবার গোল—সময়টা এখন আসলেই রোনালদোর!
গোল দিয়েই প্রত্যাবর্তন হয়েছে মাস খানেক দলের বাইরে থাকা ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরোরও। এফএ কাপে পরশু ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ইতিহাদ স্টেডিয়ামে বদলি হিসেবে নামেন ৭২ মিনিটে। মিনিট না পেরোতেই প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে জানান দিয়েছেন, পায়ের পেশির চোট তাঁর ফর্ম কেড়ে নিতে পারেনি। আগুয়েরোর এই গোলের সঙ্গে আলভারো নেগ্রেদো ও এডিন জেকোর দুটি করে গোলে ব্ল্যাকবার্নকে ৫-০-তে উড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেছে সিটি। দুর্ভাগ্য ব্ল্যাকবার্নের। দিন দশেক আগে এউড পার্কে এই ম্যাচটাই ১-১ অবস্থায় বন্ধ হয়ে গিয়েছিল প্রবল বৃষ্টিতে। ফের হওয়া ম্যাচে কপাল পুড়ল ওদের।
জয় পেয়েছে ইতালির দুই বড় দল এসি মিলান ও নাপোলিও। সাও পাওলোতে নাপোলি ৩-১ গোলে হারিয়েছে আটালান্টাকে। ক্লাবের হয়ে জাপানি মিডফিল্ডার কেইসুকে হোন্ডার প্রথম গোল, সঙ্গে রবিনহো আর জিয়ামপাওলো পাজ্জিনির দুই গোল মিলিয়ে ইতালিয়ান কাপে মিলান ৩-১-এ জিতেছে দ্বিতীয় বিভাগের দল লা স্পেজিয়ার বিপক্ষে। পরশু ইতালিতে এলেও ক্লাবের দায়িত্ব বুঝে নেননি মিলানের নতুন কোচ ক্লারেন্স সিডর্ফ। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে গিয়েছিলেন বলে জয় দেখেই ফিরেছেন মিলানের সাবেক ডাচ মিডফিল্ডার। এএফপি, রয়টার্স।