রোনালদোর আরেকটি হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় আসরে গান গাওয়ার আগে গুণী শিল্পীরা রেওয়াজ করে গলা সেধে নেন। ক্যানভাসে প্রথম তুলির আঁচড় দেওয়ার আগে শিল্পীরা হাত মকশো করেন। সেটাই যদি হয়, ম্যানচেস্টার ইউনাইটেডের খবর আছে। চ্যাম্পিয়নস লিগে নিজের পুরোনো দলের মুখোমুখি হওয়ার ভালো ‘প্রস্তুতি’ই নিয়ে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে করলেন ২০তম হ্যাটট্রিক। লিগে আগের ম্যাচে তাঁর আত্মঘাতী গোলেই পুঁচকে গ্রানাডার কাছে হেরেছিল রিয়াল। তারই যেন প্রায়শ্চিত্ত করলেন। চ্যাম্পিয়নস লিগে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেভিয়ার বিপক্ষে বড় জয়ে রিয়ালও পেল আত্মবিশ্বাসের বাড়তি জ্বালানি।শুরুটা করিম বেনজেমাই করেছিলেন ১৮ মিনিটে গোল করে। তবে সেটিতেও আছে রোনালদোর অবদান। তিনিই বানিয়ে দিয়েছিলেন গোলটা। এর আট মিনিট পর সেই যে আলোটা কেড়ে নিলেন, এরপর ক্রমশই তাঁর উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠা। প্রথমার্ধে অবশ্য ওই একটিই গোল। দ্বিতীয়ার্ধের প্রথম ১৪ মিনিটেই আরও দুই গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। ৬৬ মিনিটে লাল কার্ড দেখে গঞ্জালো হিগুয়েইন বেরিয়ে যাওয়ার পর একদম শেষ মুহূর্তে সেভিয়ার সান্ত্বনাসূচক গোলটি করেছেন মানু। বুধবারের চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে এমন একটা জয় ভীষণ দরকার ছিল। এটা মানলেও ম্যাচ শেষে মরিনহোর সহকারী আইতর কারাঙ্কা অবশ্য দাবি করলেন, ‘ইউনাইটেডের বিপক্ষে রিয়াল বেশ ভালো ফর্ম নিয়েই মুখোমুখি হবে। তবে এর কারণ শুধু এই ম্যাচের ফল নয়। গ্রানাডার বিপক্ষে ম্যাচটা বাদ দিলে জানুয়ারি মাস থেকেই দল ভালো খেলছে। এ ম্যাচে আমরা ভালো খেলেছি। দলের বেশ কজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রামও দেওয়া গেছে। ফলে সব দিক দিয়ে ম্যাচটি আমাদের জন্য দারুণ গেল।’ এএফপি, রয়টার্স। এই বিশ্রাম-কৌশলের কারণেই রিয়ালের প্রথম একাদশে কাকার বিরল উপস্থিতি। পরশু টানা সত্তর মিনিট খেলেছেনও। রিয়ালের মাঝমাঠের ভরসা হয়ে ওঠা মেসুত ওজিলের অনুপস্থিতিও বুঝতে দেননি। রোনালদো কেড়ে নেওয়ার আগে আলো ছড়াচ্ছিলেন তিনিই। দু-দুবার গোলবঞ্চিত হলেও প্রথম একাদশে ঢোকার দাবি জোরালো করেছেন। রোনালদোর দিনে বাকি সবাইকে পার্শ্বচরিত্র হতে হবে, এটাই তো স্বাভাবিক! রিয়াল পরিচালক এমিলিও বুত্রাগুয়েনো আবেগের উচ্ছ্বাসে বললেন, ‘রোনালদোর মধ্যে অবিশ্বাস্য এক খেলোয়াড়ের ছায়া দেখি আমি। ওর মতো আর কিছু দেখেছি বলে মনে পড়ে না। তিনটি গোল করা যেন ওর কাছে ডালভাত।’