রোনালদোর ইউনাইটেড আবেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাইলেই কি হুট করে সব শেকড় উপড়ে ফেলা যায়? পেশাদারির এই যুগে আবেগটা হয়তো শক্ত খোলসের আড়ালে থাকে। কিন্তু থাকে তো। আর সাড়ে তিন বছরও কীই-বা একটা সময়। এই তো সেদিনের কথা। ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর মনে আবেগের একটা ছোট্ট জায়গা নিশ্চয়ই আছে। এর মধ্যে ম্যানচেস্টার শহরে ফিরে খেলেছেনও। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে খেলা হয়নি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলার মাত্র কিছুদিনের মধ্যেই এবার ইউনাইটেডের বিপক্ষেও নামতে হচ্ছে রোনালদোকে। চ্যাম্পিয়নস লিগের ড্র রোনালদোকে নিজের ফেলে আসা ক্লাবেরই মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। যে ক্লাবেই আসলে আজকের রোনালদোর জন্ম।১৩ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের ঠিক এক দিন আগে ভালোবাসার কঠিন এক পরীক্ষা দিতে নামবেন। এদিন নকআউট পর্বের প্রথম লেগে ইউনাইটেডকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। রোনালদো অবশ্য কথা দিয়েছেন, নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করলেও উদ্যাপন করবেন না। এটা ফুটবলীয় ভদ্রতার একটা অংশ হয়ে উঠেছে। অনেকেই এর আগে এমনটা করেছেন। এবার রোনালদোও তা-ই করবেন বলে জানালেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করতে পারলেও উদ্যাপন করব না।’ স্পোর্টিংয়ে খেলার সময় তাঁকে আবিষ্কার করেছিলেন অ্যালেক্স ফার্গুসনই। নিজের ক্যারিয়ারে স্যার ফার্গির অবদানের কথা কোনো দিন ভুলবেন না বলেও জানিয়েছেন রোনালদো, ‘তিনি অসাধারণ একজন মানুষ। অনেকটা মানবিক। তাঁর কাছে অনেক কিছু শিখেছি। আগেও বলেছি, তিনি ফুটবলে অনেকটা পিতার সমান। তাঁকে, তাঁর সঙ্গে আমার সম্পর্কটাকে আমি সত্যিই মিস করি।’রোনালদোর জন্য একটা দুঃসংবাদও আছে। বার্সার সঙ্গে নতুন চুক্তিতে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হয়ে যাচ্ছেন লিওনেল মেসি। এই খবর রোনালদোকে আবারও ‘অসুখী’ করে তোলে কি না কে জানে। গোপন সূত্রের খবর, রোনালদোও নাকি ‘মেসি ট্রিটমেন্ট’ চাইছেন রিয়ালে। এই সাড়ে তিন বছরে রিয়ালের হয়ে ১৬৯ ম্যাচে ঠিক ১৬৯ গোল করেছেন। কিন্তু শুরুতে তাঁর যে চুক্তি ছিল, এখনো নাকি সেটাই আছে। বিশেষ উনিশ-বিশ হয়নি। এখনো তিনি মাদ্রিদের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়। কিন্তু তাঁর সমানই বেতন পান কাকাও। এখানেই আপত্তি রোনালদোর। প্রতি ম্যাচে এমন খেটেখুটে গোলের পর গোল করে চলেছেন। আর একাদশে কাকা জায়গাই পান না। একরকম বসে বসেই বেতন নিচ্ছেন। দুজনের বেতন সমান হওয়াটা কি অন্যায় নয়?রোনালদো সত্যি সত্যি নাখোশ হলে সেটি হবে পিএসজির জন্য সুখবর। শোনা যাচ্ছে দুই পর্তুগিজ রোনালদো ও হোসে মরিনহোকে বাগিয়ে আনতে আগের চেয়ে ১০০ মিলিয়ন ডলার বেশি দিতেও প্রস্তুত ফ্রান্সের ক্লাবটি! ওয়েবসাইট।