রোনালদোর উপলব্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুনেই শুরু কনফেডারেশনস কাপ। ফিফা ২০১৪ বিশ্বকাপের প্রস্তুতিমূলক এই টুর্নামেন্ট শুরুর আগে দল হিসেবে স্বাগতিক ব্রাজিল কিন্তু অগোছালো। এই ব্যর্থতার জন্য কোচ মানো মেনেজেসের বরখাস্তকেই কারণ হিসেবে দেখছেন রোনালদো। তিনবারের ফিফা বর্ষসেরা মনে করেন, ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিতে মেনেজেসের চাকরিচ্যুতি বড় একটা ধাক্কা দিয়েছে।গত নভেম্বরে মেনেজেসকে বরখাস্ত করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। দল আশানুরূপ ভালো করতে পারছিল না বলেই তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে ২০০২ বিশ্বকাপ জেতানো লুই ফেলিপে স্কলারিকে। রোনালদো মনে করেন, ‘কোচ বদলটা আগেভাগেই করা হয়েছে। সিবিএফের কাছে আমার কোনো দায়বদ্ধতা নেই বলেই আমি স্বচ্ছন্দে এটা বলতে পারছি। মানো ফলাফল পেতে শুরু করেছিলেন এবং দল উত্তরোত্তর ভালো করছিল।’দায়িত্ব নেওয়ার পর অনেক খেলোয়াড়কে নিয়েই পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন মেনেজেস। ২০১৪ বিশ্বকাপের ব্রাজিল দলে কারা খেলবেন, সে সম্পর্কে ভালো একটা ধারণাই হয়তো পেয়ে গিয়েছিলেন। খেলোয়াড়দের যাচাই-বাছাই করে দলকে যখন অনেকটা গুছিয়ে এনেছিলেন, তখনই বরখাস্ত করা হয় মেনেজেসকে। রোনালদো বলছেন, ‘বিশ্বকাপের অনেক বাকি থাকলেও সমর্থকেরা তখনই ব্রাজিলকে শক্তিশালী দল হিসেবে দেখতে চেয়েছে। ব্রাজিল ভালো খেলছে, জিতছে—এটাই ছিল তাদের চাওয়া। কিন্তু কোচ বদল দলকে পিছিয়ে দিয়েছে।’গত শনিবার বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয়ের আগে স্কলারির অধীনে টানা ৩ ম্যাচে জয়শূন্য ছিল ব্রাজিল। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের কাছে ১-২ গোলে হারার পর গত মাসে ব্রাজিল ইতালি ও রাশিয়ার বিপক্ষে ২-২ এবং ১-১ গোলে ড্র করেছে। এর প্রভাব পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে। ১৮ নম্বরে নেমে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফুটবলের সেরা দেশটির ইতিহাসে যা সর্বনিম্ন র‌্যাঙ্কিং।স্কলারির সরাসরি সমালোচনা না করলেও এই সময়ের কোচ হিসেবে স্কলারির চেয়ে করিন্থিয়ানস কোচ টিটে এবং সান্তোস কোচ মুরিসি রামালহো ভালো করতেন বলে বিশ্বাস রোনালদোর। তাঁর কথা, ‘২০০২ বিশ্বকাপের ফেলিপেকে জানি আমি। কিন্তু এটা ২০১৩ সাল। এই কারণে এটা বলা মুশকিল তিনি এবার কী করবেন। আমার স্মৃতিতে স্কলারি মজার, হাসিখুশি মানুষ। নেতা হিসেবেও দারুণ। দ্রুত খেলোয়াড়দের মন জয় করতে পারেন, দলটাকে তৈরি করেন ফুটবলারদের দ্বিতীয় পরিবার হিসেবেই। আশা করি, ২০০২ সালের সাফল্যের পুনরাবৃত্তি তিনি করতে পারবেন।’এবারের ভিন্ন বাস্তবতাটাও নজর এড়ায়নি ২০১৪ বিশ্বকাপের আয়োজক কমিটির শুভেচ্ছাদূত রোনালদোর। বিশ্বকাপ জয়ের সামর্থ্য থেকে অনেক দূরেই আছে স্কলারির বর্তমান দল। ফুটবলারদের যা পারফরম্যান্স তাতে সান্তোস স্ট্রাইকার নেইমার, চেলসির মিডফিল্ডার অস্কার এবং প্যারিস সেন্ট-জার্মেইর ডিফেন্ডার থিয়াগো সিলভা—এই তিনজনের ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকাটা একরকম নিশ্চিত। ব্যাপারটা বিশ্বকাপের আগে ঐতিহ্যবাহী ব্রাজিল দলের সঙ্গে একদমই যায় না। রোনালদোর ভাষায়, ‘ব্রাজিল দলে কারও খেলাটা কখনো এক শ ভাগ নিশ্চিত ছিল না। এমনকি রোমারিও-বেবেতোর সময়ও না। সেখানেও একটা ধোঁয়াশা থাকত। তবে এমন খেলোয়াড়ও পাওয়া যেত, যাদের দলে ঢোকার সম্ভাবনা থাকতই।’বিশ্বকাপজয়ী ব্রাজিলের আগের দলগুলোর সঙ্গে স্কলারির বর্তমান দলের পার্থক্যটা এখানেই! ওয়েবসাইট।