রোনালদোর কাঁধেই পর্তুগালের বিশ্বকাপ মিশনের ভার

গত বিশ্বকাপেও ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন পর্তুগালের অন্যতম প্রধান ভরসা। অধিনায়কের বাহুবন্ধনীও উঠেছিল তাঁর হাতে। এবারও একই ভূমিকায় দেখা যাবে রিয়াল মাদ্রিদের এই তারকাকে। পার্থক্য একটাই। এবার হয়তো পর্তুগাল সমর্থকদের প্রত্যাশা আরও বেশি থাকবে রোনালদোকে ঘিরে।
মেসি-নেইমারদের মতো দলকে বিশ্বকাপ জেতানোর চাপ হয়তো থাকবে না রোনালদোর ওপর। তাঁর দল পর্তুগালকে ফেবারিটের আসনেও হয়তো বসানো হবে না। কিন্তু রোনালদো তো বিশ্বকাপে অংশ নেবেন এ সময়ের সেরা খেলোয়াড় হিসেবেই। নিজের নামের প্রতি সুবিচার তো করতেই হবে পর্তুগিজ তারকাকে। তা ছাড়া সম্ভবত এটাই রোনালদোর বিশ্বকাপ জেতার শেষ সুযোগ।
ইনজুরির কারণে সাম্প্রতিক সময়টা অবশ্য খুব বেশি ভালো কাটছে না রোনালদোর। সেল্টা ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি। তাঁর দলও হেরেছিল ২-০ গোলে। তবে বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন বলেই আশা করছে পর্তুগাল শিবির। বিশ্বকাপ মিশনে রোনালদো পাশে পাবেন দুই রিয়াল মাদ্রিদ সতীর্থ ফ্যাবিও কোয়েন্ত্রাও ও পেপেকে।
পর্তুগালের প্রাথমিক বিশ্বকাপ দল
গোলরক্ষক: অ্যান্থনি লোপেজ, বেতো, এদুয়ার্দো, রুই প্যাট্রিসিও
ডিফেন্ডার: আন্দ্রে আলমেইদা, আনতুনস, ব্রুনো আলভেজ, ফ্যাবিও কোয়েন্ত্রাও, হোয়াও পেরেইরা, নেতো, পেপে, রিকার্ডো কস্তা, রোনালদো
মিডফিল্ডার: আন্দ্রে গোমেজ, হোয়াও মারিও, হোয়াও মোউটিনহো, মিগুয়েল ভেলোসো, রাউল মেইরেলেস, রুবেন আমোরিম, উইলিয়াম কারভালহো
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, এডার, হেলডার পোস্টিগা, হুগো আলমেইডা, ইভান কাভালেইরো, নানি, রাফা, রিকার্ডো কুইরেসমা, ভারেলা, ভিয়েইরিনহা