রোনালদোর কাছে রোনালদিনহোর হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষা ছিল মহাকাব্যিক এক ম্যাচের। ইউরোপের সবচেয়ে সফল দুটি দল রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের ম্যাচটি ফুটবলপ্রেমীদের সেই প্রত্যাশা মেটাতে পারেনি। নয়বারের ইউরোপ-সেরা রিয়ালের সঙ্গে পেরে ওঠেনি সাতবারের চ্যাম্পিয়ন মিলান। বার্নাব্যুতে রিয়ালের গতির কাছে অসহায় বয়সী মিলান ম্যাচটি হেরেছে ২-০ গোলে। ফিফার দুই বর্ষসেরা খেলোয়াড়ের লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে হেরে গেছেন রোনালদিনহো।রিয়াল মাদ্রিদের গতিময় ফুটবলের কেন্দ্রে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারটির গতি আর জাদুই ১৪ মিনিটের মধ্যে ২ গোলে এগিয়ে দেয় রিয়ালকে। ১৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে প্রথম গোলটি করেন রোনালদো। মিনিট পেরোতেই ব্যবধান দ্বিগুণ করেন মেসুত ওজিল। গতির ঝড়ে আন্দ্রে পিরলো আর জিয়ানলুকা জামব্রোত্তাকে পরাজিত করে বাঁ দিক থেকে দেওয়া রোনালদোর অসাধারণ একটি সেন্টারই ছিল এই গোলটির উৎস। তবে ওজিলের শটটি মিলান ডিফেন্ডার বোনেরার কাঁধে লেগে দিক বদলে ঢুকেছে পোস্টে।মিনিট দেড়েকের আকস্মিতা কাটিয়ে মিলান নিজেদের গুছিয়ে নিয়েছিল। বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়লেও ডাচ মিডফিল্ডার সিডর্ফ রোনালদিনহোর সঙ্গে তাল মিলিয়ে মাঝমাঠে ভালোই খেলছিলেন। জ্লাতান ইব্রাহিমোভিচ ও আলেক্সান্দ্রে পাতো দু-একটি সুযোগও পেয়েছিলেন, তবে কাজে লাগাতে পারেননি। মিলানের সহজতম গোলের সুযোগটি মিস করেছেন সিডর্ফই। গোলরক্ষক ইকার ক্যাসিয়াসও বাধা হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন মিলানের সামনে। প্রথমার্ধে পিরলোর অসাধারণ এক ফ্রি-কিক ফিরিয়ে দিয়েছেন তিনি। রোনালদিনহোর বদলি হিসেবে নামা রবিনহোর শটও পরে ফিরিয়ে দিয়েছে ক্যাসিয়াসের বিশ্বস্ত হাত। ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছে রিয়াল মাদ্রিদও। কিন্তু আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়ার দু-দুটি মাপা পাস থেকে গোল করতে ব্যর্থ হন আরেক আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। আর গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি রোনালদো। ম্যাচটি ১৪ মিনিট শেষে যেখানে ছিল, গোল মিসের কারণে শেষ বাঁশি বাজার পরও থেকে যায় সেখানেই। তবে দ্বিতীয়ার্ধে কিছুক্ষণের রিয়ালের গতির সঙ্গে মিলানের বয়সী দলটির স্কিলের লড়াই খানিক সময়ের জন্য জমে উঠেছিল বেশ। শেষ হাসিটা রিয়ালেরই। ম্যাচ শেষে রিয়ালের জয়ের নায়ক রোনালদো বলেছেন, ‘এটা জানতাম যে আমরা গতি নিয়ে খেলতে পারলে তারা আমাদের সামলাতে পারবে না।’গত মৌসুমে বার্নাব্যুতে মিলানের কাছে এই গ্রুপ পর্বেই হেরে যাওয়ার বদলা নিল রিয়াল। কোচ হোসে মরিনহো তৃপ্ত, ‘দুর্দান্ত পারফরম্যান্স এটা। খেলোয়াড়দের অভিনন্দন জানাচ্ছি আমি। আশা করছি, রিয়াল সমর্থকেরা এটা দেখে দারুণ খুশি। মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিও মেনে নিয়েছেন প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব, ‘আসলে আমরা খুব খারাপ খেলেছি। মিলানে পরের ম্যাচটি আশা করি ভালো হবে। শুরুর দিকেই ওরা গোল করে ফেলল এবং এরপর আসলে আমরা বুঝতেই পারছিলাম না যে কী করতে হবে।’এদিকে বাসেলের কাছে নিজেদের মাঠে ৩-১ গোলে হেরে গিয়ে বাকস্তব্ধ এএস রোমা। ফ্রেইয়ের গোলে ১২ মিনিটে পিছিয়ে পড়েছিল রোমা। ২১ মিনিটে বরিয়েল্লো গোল শোধ করলেও ইনকুম ও কার্বাল এগিয়ে দেন বাসেলকে। ম্যাচ শেষে রোমা কোচ ক্লদিও রানিয়েরি দুষেছেন দুর্ভাগ্যকে, ‘আমরা যে খারাপ খেলেছি তা কিন্তু নয়। আসলে এটা দুর্ভাগ্য।’দুর্ভাগ্যের জাল ছিঁড়ে বুন্দেসলিগার সর্বশেষ ম্যাচেই বেরিয়ে এসেছে বায়ার্ন। পরশু তারা জিতল ভাগ্যের জোরে। রোমানিয়ার সিএফআর ক্লুজের বিপক্ষে ৩-২ গোলের জয়ের দুটি গোলই প্রতিপক্ষের উপহার (আত্মঘাতী) হিসেবে পেয়েছে চারবারের চ্যাম্পিয়নরা। এই রাতে চ্যাম্পিয়নস লিগে বৃহত্তম জয়টি পেয়েছে আর্সেনাল। ইংলিশ পরাশক্তিদের ৫-১ গোলের বিধ্বংসী জয়টি শাখতার দোনেৎস্কের বিপক্ষে। সং, নাসরি, ফ্যাব্রিগাস, উইলশেয়ার ও চামাক গোল করেছেন একটি করে। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।