রোনালদোর কার্ড নিয়ে
আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখা নিয়ে নিজের ক্ষোভের কথাটা আগেই জানিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার তাঁর সুরে কথা বলল পর্তুগিজ ফুটবল ফেডারেশনও। শুধু কথাই বলল না, ফেডারেশন ফিফাকে অনুরোধ করেছে রোনালদোর হলুদ কার্ডটি প্রত্যাহার করে নেওয়ার জন্য। আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচে গাই দেমেলের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে দেমেল-রোনালদো দুজনই হলুদ কার্ড দেখেছেন। কিন্তু পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ঘটনায় নির্দোষ ছিলেন রোনালদো, ‘পর্তুগিজ খেলোয়াড়টিকে (রোনালদোকে) আইভরিকোস্টের পেনাল্টি বক্সের কাছে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। যেই সে উঠে দাঁড়াল, বিপক্ষের খেলোয়াড়েরা এসে তাকে ঘিরে ধরে ধাক্কানো শুরু করল এবং গালাগাল করল।’এসব ঘটনা বিবেচনা করে ফিফার কাছে ফেডারেশনের অনুরোধ, রোনালদোর শাস্তি প্রত্যাহার করে নেওয়া হোক, ‘ওই সময়ে কার্ড দেখানোয় বৈষম্য করা হয়েছে। যে ফাউল করেছে সেও কার্ড দেখেছে, আর যে পর্তুগিজ খেলোয়াড় ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল, তাকেও একই শাস্তি দেওয়া হয়েছে।’বিশ্বকাপে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে রোনালদো নিয়ম অনুযায়ী পরের ম্যাচটি খেলতে পারবেন না। এ জন্যই কার্ড প্রত্যাহারে পর্তুগালের এ তোড়জোড়। ওয়েবসাইট।