রোনালদোর গোলে সেমিতে পর্তুগাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ২০ মিনিটে দুদলের খেলাই ছন্নছাড়া, এলোমেলো। তাঁকেও ঠিক খুঁজে পাওয়া যাচ্ছিল না। টিভি ক্যামেরা গ্যালারিতে খুঁজে পেল ইউসোবিও ও ফিগোকে। পাশাপাশি দুই পর্তুগিজ গ্রেটকে বড় পর্দায় দেখেই কি না কে জানে, হঠাত্ই নিজেকে ফিরে পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও গোল পাচ্ছিলেন না। দুবার বল লাগল বারে, বাইসাইকেল শট চলে গেল বাইরে। আরও কয়েকবার গোলের কাছাকাছি গিয়েও পারলেন না। কাঙ্ক্ষিত সেই গোল এল অবশেষে ৭৯ মিনিটে। মুতিনহোর অসাধারণ এক ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ালেন পর্তুগিজ অধিনায়ক। সেই গোলেই চেক প্রজাতন্ত্রকে হারিয়ে পর্তুগাল উঠে গেল সেমিফাইনালে। এলোমেলো ২০ মিনিটের পর রোনালদোর উজ্জীবিত পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পর্তুগাল। কিন্তু কখনো দুর্ভাগ্য, কখনো দুর্বল ফিনিশিং আর চেক গোলবারে বাধার দেয়াল হয়ে দাঁড়ানো পিওতর চেক—সব মিলিয়ে গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত উদ্ধারকর্তা সেই রোনালদোই। রিয়াল মাদ্রিদ তারকার অসাধারণ গোলে গ্যালারিতে লাফিয়ে উঠলেন ইউসোবিও-ফিগোও। প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ থাকা রোনালদোই এখন তিন গোল নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। ওয়েবসাইট।