রোনালদোর চেয়ে পেপে ভয়ংকর!

পর পর দুই ম্যাচে পেনাল্টি ঠেকিয়েছেন। সেটাও যদি ভিক্টর ভালদেসের ফর্মটা বোঝাতে ব্যর্থ হয়, তবে পরিসংখ্যানের খেরোখাতাতেই চোখ রাখুন। এই মৌসুমে ক্লাব আর জাতীয় দল মিলে ভালদেস কটা সেভ করেছেন জানেন? ৫২টি! এর মধ্যে ৪০টি সেভই ক্লাবের হয়ে। লা লিগায় ২৮টি, ১২টি চ্যাম্পিয়নস লিগে। এর মধ্যে বেশির ভাগ সেভই হয়তো আহামরি কিছু নয়। কিন্তু অন্তত গোটা পনের অবিশ্বাস্য সেভ করেছেন ভালদেস।
এই ফর্ম সমর্থকদের চোখ কচলে তাকাতে বাধ্য করছে—এ কোন ভালদেস! বার্সা গোলরক্ষককে নিয়ে গত কয়েক মৌসুমে মাঝেমধ্যেই রূঢ় সমালোচনা হয়েছে। বার্সার দুর্বল রক্ষণ, সেন্টারব্যাক কার্লোস পুয়োলের অনুপস্থিতি, জেরার্ড পিকের বাজে ফর্ম অনেক ভুগিয়েছে। শেষ পরিণতি হিসেবে গোল হজম করতে হয়েছে ভালদেসকে। কিন্তু কাতালান সাংবাদিকদের কলমের চাবুক থেকে রেহাই পাননি। মাত্র ১০ বছরে বার্সার যুবদলে ক্যারিয়ার শুরু করে ২০ বছর এই ক্লাবেই কাটিয়ে দিয়েছেন। কতটা অভিমানের জল বুকে জমলে সেই ক্লাব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ভালদেস!
বার্সা সমর্থকদের অনেকই এখন চাইছেন ভালদেস থেকে যান। ক্লাবের পক্ষ থেকেও নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আবারও ‘না’ বলে দিলেন এই ৩১ বছর বয়সী, ‘একজন গোলরক্ষকের ওপর ভয়াবহ চাপ থাকে। ক্লাব আমাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি এ নিয়ে দর-কষাকষিও করতে চাই না। এর অনেকগুলোই কারণ আছে—নতুন চ্যালেঞ্জ, নতুন লিগের স্বাদ নিতে চাওয়া এর অন্যতম।’
মুখে তিনি কখনোই বলেননি বার্সা ছাড়ার আসল কারণ। তবে ১১ বছর ধরে সিনিয়র দলের গোলপ্রহরী হয়ে থাকা ভালদেসের বিদায়ের আসল কারণটি বলে দিয়েছিলেন তাঁরই পুরোনো বন্ধু জাভি। তবে আরেক প্রশ্নের উত্তরে ভালদেসের কণ্ঠে কিন্তু এবার আঁচ পাওয়া গেল সেই মর্মবেদনার, ‘আমার এখন মনে হয় সমর্থকেরা আমাকে বুঝতে পারছে। এ বছর আমি সমর্থকদের সেই সমর্থনটা অনুভব করতে পারছি।’
নেইমার সম্পর্কে বেশ মজা করে ভালদেস বলেছেন, ‘সান্তোসেই ওকে বরং বেশি ডাকাবুকো লাগত। আমি ওকে বলেওছি, ওর মোহিকান চুলের স্টাইলটাই ভালো ছিল। ওটাতেই বরং সবাই ভয় পেত। ও আমাকে উত্তরে বলেছে এক সপ্তাহ অপেক্ষা করতে, তাতেই ও আগের স্টাইল ফিরে পাবে।’
সাক্ষাত্কারে সবচেয়ে মজার অংশ অবশ্য ছিল অন্য আরেকটি প্রশ্নে। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কোনটি তাঁকে বেশি ভয়ের শিহরণ এনে দেয়—পেনাল্টিতে ক্রিস্টিয়ানো রোনালদোর মুখোমুখি হওয়া, নাকি অন্ধকার গলিতে পেপের মুখোমুখি হওয়া? এক সেকেন্ডও না ভেবে ভালদেস উত্তর দিয়েছেন, ‘অবশ্যই পেপে।’
ভালদেসের অনড় অবস্থানের কারণে বার্সা অবশ্য এরই মধ্যে নতুন গোলরক্ষকের সন্ধানে নেমে পড়েছে। বার্সা সভাপতি সান্দ্রো রসেল কাল বলেছেন, অ্যাটলেটিকো মাদ্রিদের ২১ বছর বয়সী গোলরক্ষক করতোয়ার দিকে চোখ আছে তাঁদের।