রোনালদোর চেয়ে প্রিয় রিবেরি!
মুখোশে মুখোশে ভরে গেল সান্তিয়াগো বার্নাব্যু। ৪৫ হাজার দর্শকের কেউ মুখোশ পরে সাজলেন রোনালদো, কেউ হাতে নিয়েই রোনালদো-সমর্থক। সঙ্গে ৭ ও রোনালদো লেখা অসংখ্য পোস্টার তো ছিলই। ছিল বিশাল একটা ব্যানার। তাতে বড়

হরফে লেখা, “ব্যালন ডি’অর ক্রিস্টিয়ানো রোনালদোরই।” বার্নাব্যু অনুচ্চারে জানাল, ‘দেখো সিআর-৭, আমরা তোমাকে কতটা ভালোবাসি।’ মাঠে ছিলেন না, আবেগে উদ্বেল সমর্থকদের রোনালদো দেখেছেন গ্যালারিতে বসে। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারকে নিশ্চিতভাবেই এটা ছুঁয়ে গেছে।

ঘটনাটা গত সপ্তাহের চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারাইয়ের সঙ্গে ম্যাচে। রোনালদোর যে ভালোবাসা পেলেন তা পেতে চাইবেন যেকোনো খেলোয়াড়ই। অন্য কোনো বড় তারকা এটি দেখে ঈর্ষান্বিত হতে পারেন। বায়ার্ন মিউনিখের ফ্রেঞ্চ মিডফিল্ডার ফ্রাঙ্ক রিবেরি কি তাহলে ঈর্ষান্বিত? তাঁর কথা শুনলে এটি মনে হতেই পারে। আবার এমনটাও হতে পারে, রিবেরি নিজের বিশ্বাস থেকেই এটা বলেছেন। তাঁর কথা, বহিঃপ্রকাশই সব নয়। ফ্রেঞ্চ রেডিও নেটওয়ার্ক আরটিএলের কাছে রিবেরি দাবি করলেন রোনালদোর চেয়ে তাঁকে বেশি ভালোবাসে সমর্থকেরা, ‘এটা (রোনালদোর মুখোশ পরে আসা) ভালো একটা বহিঃপ্রকাশ, কিন্তু আমার জন্য বায়ার্ন সমর্থকদের ভালোবাসা আরও বেশি তীব্র।’ এসব মুখোশ-টুখোশ পরে আসাটা রিবেরির কাছে মনে হয় বাড়াবাড়ি, ‘আমি জানি আমার জন্য তাদের অনুভূতিটা কেমন। সেটা প্রকাশ করতে এমন কিছু করার প্রয়োজন নেই। আমি জানি, বায়ার্ন সমর্থকেরা আমাকে ভালোবাসে। দিনের পর দিন সেটা তারা দেখিয়েই যাচ্ছে।’
কিন্তু হঠাৎ করেই কেন রোনালদোকে যেচে খোঁচা মারতে গেলেন রিবেরি? ব্যালন ডি’অরের সময় যে ঘনিয়ে আসছে। মেসি ছাড়া রিবেরির আসল টক্কর তো রোনালদোর সঙ্গেই! ওয়েবসাইট।