রোনালদোর চেয়েও বেশি বেতন পাবেন মেসি!

মাঠের পারফরম্যান্সের বিচারে মেসি-রোনালদোর লড়াইটা চলছে অনেক দিন থেকেই। প্রতিভাবান এই দুই ফুটবলারের শ্রেষ্ঠত্ব বিচারের প্রশ্নে প্রায়ই দুভাগ হয়ে যায় পুরো ফুটবল বিশ্ব। এই বিতর্কের মীমাংসা এখনো পুরোপুরি না হলেও এক দিক দিয়ে হয়তো রোনালদোকে অচিরেই ছাড়িয়ে যাবেন মেসি। বার্সেলোনার সঙ্গে নতুন একটি চুক্তি সম্পন্ন হলে আর্জেন্টাইন তারকাই হয়ে যাবেন বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলার।
গত মাসেই রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করে সবচেয়ে বেশি বেতনের নতুন রেকর্ড গড়েছিলেন রোনালদো। সেই হিসাবে এখন তাঁর বার্ষিক আয় দাঁড়িয়েছে প্রায় এক কোটি ৪০ লাখ ইউরো। আর নতুন চুক্তি স্বাক্ষর করলে মেসি আয় করতে পারবেন বছরে দুই কোটি ইউরো। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে স্পেনের ক্রীড়া পত্রিকা ‘মুনডো ডিপোর্তিভো’।
বর্তমানে বার্সেলোনায় মেসি বছরে আয় করেন এক কোটি ৩০ লাখ ইউরো। এখন এর সঙ্গে পারফরম্যান্স-ভিত্তিক কিছু সুযোগ-সুবিধাও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি।