প্রায় সব সময়ই তাঁরা পরস্পরের তীব্র প্রতিদ্বন্দ্বী। কিন্তু এবার ‘শত্রু’র নাম বদলে গেছে। লা লিগায় মেসির বার্সেলোনাকে পেছনে ফেলে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগেও রোনালদোর রিয়াল মাদ্রিদের সামনে শেষ বাধা সেই অ্যাটলেটিকো। বার্সা ও রিয়ালের মাথাব্যথার কারণ হয়ে ওঠা এই শত্রুকে নিয়ে দুই বিশ্বসেরা ফুটবলারের ভাবনা

লা লিগার শিরোপাস্বপ্ন প্রায় শেষ। অলৌকিক কিছু না হলে রিয়াল মাদ্রিদ এ মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হতে পারবে না এটা বলে দেওয়া যায় এখনই। তবে এখনো উজ্জ্বল চ্যাম্পিয়নস লিগ জিতে লা ডেসিমার স্বপ্নপূরণের সম্ভাবনা। সেই পথে শেষ বাধা নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল উইঙ্গার রোনালদো অবশ্য আশাবাদী সেই বাধা পেরিয়েই ইউরোপ-সেরা হবে তাঁর দল, ‘আমরা একটি অসাধারণ দলের বিপক্ষে খেলব। ফাইনাল মানেই দুই দলের সমান সম্ভাবনা। তবে আশা করছি রাতটা আমাদের হবে এবং আমরাই জিতব।’
চোটের কারণে ভ্যালাদোলিদের বিপক্ষে ম্যাচে ৯ মিনিট খেলেই উঠে যেতে হয়েছিল। কাল কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন আজ সেল্টা ভিগোর বিপক্ষেও ম্যাচে খেলা হবে না রোনালদোর। তবে চ্যাম্পিয়নস লিগে ১০ ম্যাচে ১৬ গোল করে নতুন রেকর্ড গড়া রোনালদো লিসবনের ফাইনালের আগেই পুরো ফিট হয়ে যাবেন বলে আশাবাদী।
পর্তুগিজ অধিনায়কের গোলক্ষুধা ফুরায়নি এখনো। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই যে তাঁর কাছে বড়, স্মরণ করিয়ে দিয়েছেন সেটাও, ‘রেকর্ড ভাঙতে পারাটা ভালো ব্যাপার। এখন আমি চাই চ্যাম্পিয়নস লিগ জিততে। ফাইনালে গোল করতে। তবে আমার সতীর্থদের কেউ গোল করলেও ভালো হবে। শিরোপা জিততে পারাটাই গুরুত্বপূর্ণ।’
ফাইনালের জন্য এই অপেক্ষার মধ্যেই একটা সুসংবাদ পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন ফুট পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। পুরস্কারের দৌড়ে এবার তাঁর প্রতিদ্বন্দ্বী অঁরি, ইনিয়েস্তা, ন্যয়ার, পিরলো, রিবেরি, রুনি, থিয়াগো সিলভা ও ব্রাজিলিয়ান নারী ফুটবলার মার্তা। গোল্ডেন ফুট ওয়েবসাইট ও ফেসবুক পেজে ২৪ আগস্ট পর্যন্ত ভোটের পর ১৩ অক্টোবর মোনাকোতে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। ওয়েবসাইট।