রোনালদোর চোখে লিসবনের ফাইনাল

একে তো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, আর সেটিও কি না নিজের দেশে! ২৪ মে লিসবনের ফাইনাল নিয়ে রীতিমতো রোমাঞ্চিত ক্রিস্টিয়ানো রোনালদো। আগের তিন আসরের সেমিফাইনালে রিয়ালের ব্যর্থতাও তাতিয়ে দিয়েছে রোনালদোকে। এস্তাদিও দ্য লুজ-এর ফাইনালে এবার তাই রিয়ালকে দেখছেন পর্তুগিজ ফরোয়ার্ড, ‘আমরা টানা চারটি সেমিফাইনাল খেলছি। আমার বিশ্বাস, এবার আমাদের ফাইনালে যাওয়ার সময়। এরপর আমাদের আরও বড় কিছুর জন্য ভাবতে হবে।’
পরশু মাদ্রিদে নাইকির নতুন বুট উন্মোচন করলেন রোনালদো। ওই অনুষ্ঠানেই বললেন ‘লা ডেসিমা’র স্বপ্নপ্রত্যাশী রিয়াল এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিয়ে, ‘লিসবনে পর্তুগালের মানুষের সামনে ফাইনাল খেলাটা একটা স্বপ্ন। এটা দারুণ একটা স্টেডিয়াম। কিন্তু তার আগে মঙ্গলবার ফাইনালটা নিশ্চিত করতে হবে। আমাদের চোখে লিসবনের স্বপ্ন এবং আমার বিশ্বাস সেটা করতে পারব আমরা।’
সেমিফাইনালের প্রথম লেগে চ্যাম্পিয়ন বায়ার্নের বিপক্ষে জিতে মানসিকভাবে এগিয়ে রিয়াল। হ্যামস্ট্রিং চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর সেই ম্যাচেই ফেরেন রোনালদো। শতভাগ ফিট ছিলেন না বলে ৭০ মিনিট মতো খেলার পর তাঁকে তুলে নিয়ে গ্যারেথ বেলকে মাঠে নামান কোচ আনচেলত্তি। এখন রোনালদো পুরোপুরি ফিট। ফিরতি বায়ার্ন-যুদ্ধের জন্যও প্রস্তুত, ‘নিজেদের মাঠে যেমন হয়েছে, মিউনিখের ম্যাচটিও তেমনই হবে। আমরা জানি, বায়ার্ন দারুণ একটা দল। কিন্তু সামান্য হলেও এগিয়ে আছি আমরা। জানি, ঘরের মাঠের চেয়ে প্রতিপক্ষের মাঠে ম্যাচটা বেশি বিপজ্জনক এবং কঠিন হবে। কিন্তু আমাদেরও তো অস্ত্র-গোলাবারুদের অভাব নেই, গোল করারই চেষ্টা করব আমরা।’
বলেছেন বিশ্বকাপ নিয়েও। বড় তারকা মানেই সমর্থকদের বড় চাপ। বিশ্বকাপে এ চাপটা আরও বাড়বে রোনালদোর ওপর। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে পর্তুগালের প্রাণভোমরাই যে তিনি। সুইডেনের বিপক্ষে প্লে অফে হ্যাটট্রিক করে রোনালদোই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তুলে এনেছেন পর্তুগালকে। যেটি তাঁর ফিফা-ব্যালন ডি’অর জয়েও রেখেছে বড় ভূমিকা। জাতীয় দলে খেলার এই চাপটাকেও চ্যালেঞ্জ হিসেবেই নেন রোনালদো, ‘বড় চ্যালেঞ্জ পছন্দ আমার। বড় চাপ অবশ্যই ভালো কিছু নয়, কিন্তু চাপের এই জীবনটাই পছন্দ আমার। যখন দেখব আমি আর কোনো চাপ অনুভব করছি না, খেলাই ছেড়ে দেব। আমি অধিনায়ক বলে সামনে থেকে নেতৃত্ব দিতে ম্যাচে লড়াই করতে হয়, অনুশীলনে নিজেকে আরও বেশি উজাড় করে দিতে হয়। এটা আমি পছন্দই করি, কারণ আমাদের জাতীয় দলে সবার সঙ্গে সবার সম্পর্ক খুব ভালো।’
ব্রাজিল বিশ্বকাপে জার্মানি, ঘানা এবং যুক্তরাষ্ট্রের গ্রুপে আছে পর্তুগাল। বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে রোনালদো বলছেন, ‘যেমনটা আগেই আমি বলেছি, বিশ্বকাপে ফেবারিট নই আমরা। টুর্নামেন্টটা আমরা উপভোগের চেষ্টা করব। আমার কাছে এটাই বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপ। জার্মানির বিপক্ষে কঠিন ম্যাচ দিয়ে শুরু হবে আমাদের। এরপর দেখা যাক, ঘানা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে কী করি। আশা করি পরের রাউন্ডে যেতে পারব আমরা।’
লিসবনের ফাইনালের সঙ্গে বিশ্বকাপ নিয়েও ভাবতে শুরু করেছেন রোনালদো। এএফপি।