রোনালদোর চোখে শিরোপার ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ক্ষুধা মিশে থাকে তাঁদের রক্তে। তাঁদের মতো জাত লড়াকুরা দীর্ঘদিন সাফল্যক্ষুধা সইতে পারেন না। টানা তিনবার লিগ জেতার টাটকা স্মৃতি নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পাড়ি দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। কিন্তু দুটি মৌসুম বসে থেকে দেখতে হয়েছে অন্যের শিরোপা-উৎসব। যারা কিনা আবার ‘চিরশত্রু’। দর্শকের আসনে বসে দেখেছেন ব্যক্তিগত দ্বৈরথ যাঁর সঙ্গে, সেই লিওনেল মেসির পায়ে লুটাচ্ছে একের পর এক সাফল্যস্মারক! এবার শিরোপার সুবাস পেতে তাই ক্রিস্টিয়ানো রোনালদোর মনের বাঘটা বেরিয়ে এল। রিয়ালের পর্তুগিজ উইঙ্গার জানিয়ে দিলেন, রিয়ালের আর যে যা-ই বলুক, লিগ শিরোপা জেতার ব্যাপারে তিনি অন্তত আত্মবিশ্বাসী।‘আমি লা লিগা জেতার স্বপ্ন দেখি। একটা মুহূর্তও আসেনি, যখন মনে হয়েছে আমরা এটা পারব না।’ বলেছেন, ‘আমরা বেশ ভালো অবস্থানে আছি। আটটা ম্যাচ বাকি আছে। তবে আমাদের বিশ্বাস করতে হবে, আমরাই জিততে চলেছি।’ এই কথার বলার পর পরই একটু যেন সাবধান হয়ে গেলেন। বললেন, বার্সা যে আঠার মতো পিছে লেগে আছে, সেটাও রাখতে হবে মাথায়।এই মৌসুমে ‘আমি’ শব্দটাকে তাড়িয়ে দিয়ে রোনালদো ‘আমরা’ আর ‘আমাদের’ জয়গানই গাইছেন। আত্মকেন্দ্রিক বদনামটা ঘুচিয়ে দল-অন্তঃপ্রাণ রোনালদোর ছবিই দেখেছে সবাই, ‘আমি খুবই খুশি। এবার সবকিছু ভালোয় ভালোয় কাটছে। দলও আত্মবিশ্বাসী। গোটা দলটাই দুর্দান্ত ফর্মে আছে। সবাই কিছু না-কিছু অবদান রাখতে চাইছে। আমরা অনেক গোলও করছি। যারা সাধারণত দৃশ্যপটে থাকে না, তারাও দুর্দান্ত খেলছে। আমরা তিন স্ট্রাইকারই অনেক গোল করছি। কাকা আর ওজিলও নিজেদের সেরা ফর্মে আছে। সবকিছুই দুর্দান্ত।’এই ম্যাচে জোড়া গোল করে লিগে নিজের গোলসংখ্যা ৩৭-এ নিয়ে গেলেন। আর চারটি গোল করতে পারলে গত মৌসুমে গড়া স্প্যানিশ লিগের রেকর্ডটা নিজের হাতেই ভাঙতে পারবেন। তবে রোনালদো বলছেন, ‘৩৭ গোল নিয়ে ভাবছি না। কারণ আমি শুধু জয় নিয়েই ভাবি। আমরা শীর্ষে আছি, আমাদের শীর্ষেই থাকতে হবে।’দলের জয়ে খুশি হোসে মরিনহো। পেপ গার্দিওলাকেও তৃপ্ত মনে হয়েছে বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে জেতার পর। বিশেষ করে এই ম্যাচে বার্সার রক্ষণ বেশ অটুট ছিল। পিকে তো নিজের সেরা ফর্মেই ফেরার ইঙ্গিত দিয়েছেন। রক্ষণ নিয়ে যে দুশ্চিন্তা ছিল, সেই মেঘ কেটে গিয়ে গার্দিওলার মনে এখন নির্ভাবনার রোদ্দুর। এএফপি, রয়টার্স।