রোনালদোর চোট নিয়ে ধোঁয়াশা বাড়ছেই

আধুনিক বিজ্ঞান কি শেষ পর্যন্ত হারই মানছে তুকতাক আর জাদুটোনার কাছে? ক্রিস্টিয়ানো রোনালদোর ইনজুরি সমস্যা সত্যিই বাধ্য করছে এই প্রশ্ন তুলতে। জাদুটোনার মাধ্যমে রোনালদোকে বিশ্বকাপের বাইরে রাখবেন বলে সম্প্রতি দাবি করেছিলেন ঘানার এক ওঝা। বিজ্ঞান-প্রযুক্তির এই যুগে কথাটা হয়তো হাসি দিয়েই উড়িয়ে দেবেন অনেকে। কিন্তু তার পরও সেই প্রসঙ্গে না গিয়ে উপায় কী? বিশেষ অনুশীলন, সার্বক্ষণিক চিকিত্সাসেবা নিয়েও যে পুরোপুরি সুস্থ হতে পারছেন না রোনালদো।
বিশ্বকাপের বাকি আর মাত্র ছয় দিন। আজই পর্তুগাল খেলে ফেলবে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ। কিন্তু মেক্সিকোর বিপক্ষে আজও মাঠে নামতে পারবেন না রোনালদো। কবে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারবেন, সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলেননি কোচ পাওলো বেন্তো। সব মিলিয়ে অস্থির সময়ই কাটছে পর্তুগাল ফুটবল অঙ্গনে।
বাঁ পায়ের ঊরু ও হাঁটুতে সমস্যা রয়ে গেছে রোনালদোর। ইনজুরির কবল থেকে মুক্ত হতে পারলেও মাঠে নামার মতো পুরোপুরি ফিট হয়ে উঠতে আরও সময় লাগতে পারে ফিফা বর্ষসেরা ফুটবলারের। রোনালদোর ইনজুরি সমস্যা নিয়ে পর্তুগালের কোচ বেন্তোও পরিষ্কার করে কিছু বলছেন না, ‘নতুন নতুন পরিস্থিতির সঙ্গে আমাদের প্রত্যাশাও তৈরি হচ্ছে। অন্য খেলোয়াড়দের ক্ষেত্রে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, রোনালদোর ক্ষেত্রেও তেমনটাই করা হবে। এই বিষয়ে বিস্তারিত কথা বলার স্বাধীনতা আমার নেই। যখনই সে অনুশীলনের জন্য প্রস্তুত হবে, তখনই আমরা সেটা জানিয়ে দেব।’
বেন্তোর এই উত্তর নিশ্চিতভাবেই সন্তুষ্ট করতে পারেনি পর্তুগিজ সাংবাদিকদের। রোনালদো কবে সুস্থ হয়ে উঠতে পারবেন সে ব্যাপারে সুনির্দিষ্টভাবেই কিছু শুনতে চাইছিলেন তাঁরা। বারবার প্রশ্নের মুখে পড়ে বেন্তো যে উত্তর দিয়েছেন, তা উদ্বেগ কমানো তো দূরের কথা, আরও ভীতিই ছড়াবে রোনালদো ভক্তদের মনে। বেন্তো বলেছেন, ‘রোনালদো খেলবে কি না, সেই সিদ্ধান্তটা আমার, তাঁর ও ডাক্তারদের ওপর নির্ভর করছে। রোনালদোই আমাদের একমাত্র ভালো খেলোয়াড় নয়। আমাদের যেকোনোভাবেই জার্মানির বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’
পর্তুগালের প্রথম ম্যাচটিই জার্মানির বিপক্ষে। এ কারণেই রোনালদোকে প্রথম ম্যাচ থেকেই দলে দেখতে চায় সমর্থকেরা। কিন্তু বেন্তো এখনো খোলাসা করছেন না তুঙ্গস্পর্শী ফর্মে থাকা রোনালদোর চোটের অবস্থা আসলে কী রকম। সূত্র: এএফপি