রোনালদোর চোট নিয়ে আনচেলত্তির 'রহস্য'

ক্রিস্টিয়ানো রোনালদোর চোট আসলে কতটা? মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে চোটের কারণে এই তারকার মাঠের বাইরে থাকার বিষয়টি উত্কণ্ঠা ছড়িয়েছে ভক্তকুলে। হালকা অনুশীলন চালিয়ে গেলেও রিয়ালের সর্বশেষ দুটি ম্যাচে ডাগ আউটেই বসেছিলেন এই পর্তুগিজ তারকা। রোনালদোর চোটের মাত্রা নিয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগ থাকলেও ব্যাপারটিকে আরও রহস্যে ঘিরেছেন খোদ রিয়াল কোচ আনচেলত্তি। তিনি বলেছেন, ‘বুধবার কিংস কাপের ফাইনালে যদি রোনালদো মাঠে নামে তাহলে বুঝতে হবে তাঁর চোট অতটা গুরুতর কিছু নয়।’ রোনালদোবিহীন ওই ম্যাচে রিয়ালের বাজে পারফরম্যান্স কিন্তু চিন্তার বলিরেখা এঁকেছে সমর্থকদের কপালে। কিছুটা হয়তো আনচেলত্তির কপালেও। কিন্তু কোচ কেন তাঁর দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট পাত্তা দিতে চাচ্ছেন না, এ তো এক বড় রহস্যই।
এদিকে আজ শনিবার লা লিগায় আলমেইরার বিপক্ষে ম্যাচটিও যে রোনালদো মিস করছেন, এ কথা জানিয়ে রেখেছেন আনচেলত্তি। একই সঙ্গে রহস্য করেই বলেছেন, ‘বার্সেলোনার বিপক্ষে কিংস কাপের ফাইনালে রোনালদো মাঠে নামলেও নামতে পারে। আমি জানি না আদৌ সে মাঠে নামতে পারবে কিনা।’ কোচের মুখ থেকে এমন কথা শুনলে সমর্থকদের উদ্বেগ-উত্কণ্ঠাকে আমলে নিতেই হয়।
রোনালদো নিজে যে এই চোটের ব্যাপারে হতাশ সেটা অবশ্য স্বীকার করেছেন আনচেলত্তি, ‘সে খুবই মন-মরা হয়ে আছে। মৌসুমের এমন গুরুত্বপূর্ণ সময়ে চোটের জন্য সে খুব হতাশ।’
আনচেলত্তির পরের মন্তব্যটি কিন্তু আরও রহস্যজনক, ‘শতভাগ ফিট না হলে সে কিংস কাপের ফাইনালেও খেলবে না। যদি সে খেলে তাহলে বুঝতে হবে তাঁর চোট গুরুতর কিছু নয়।’
লা লিগায় এই মুহূর্তে রিয়ালের অবস্থান তৃতীয়। অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট আর বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল এমন সময়ে যদি রোনালদোকে না পায়, তাহলে তা হবে বড় এক আঘাতই। ২৩ এপ্রিল আবার চ্যাম্পিয়নস লিগের সেমিতে তাদের খেলতে হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এর মধ্যে রোনালদোর চোট নিয়ে আনচেলত্তির ‘রহস্য’ একটু বেশি বেশিই হয়ে যাচ্ছে ব্লাঙ্কোস সমর্থকদের জন্য। রয়টার্স।