
যুক্তরাষ্ট্র কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান বারবার ঘড়ি দেখছেন। শেষ বাঁশি বাজার সময় প্রায় হয়েই এল। পর্তুগালকে আর ৩০ সেকেন্ড ঠেকিয়ে রাখতে পারলেই আসবে দুর্দান্ত এক জয়। এমন সময় ডান প্রান্তে বল পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অসাধারণ একটা ক্রস ভাসিয়ে দিলেন প্রতিপক্ষ রক্ষণে। হতচকিত যুক্তরাষ্ট্র ফুটবলাররা আবিষ্কার করলেন, চিলের মতো উড়ে এসে করা সিলভেস্টার ভ্যারেলার হেড মুহূর্তের মধ্যে জড়িয়ে গেছে জালে! পুরো ম্যাচে দুর্দান্ত খেলা যুক্তরাষ্ট্র গোলরক্ষক টিম হাওয়ার্ডের কথা থেকেই বুঝে নিতে পারেন হতাশাটা, ‘কখনো কখনো ফুটবল খুব নিষ্ঠুর।’ এমন একটা সমাপ্তির পরও রোনালদো ভেসে গেলেন না উচ্ছ্বাসে। উদ্যাপনেও ছিল না কোনো উদ্দামতা। বুঝতে পেরেছিলেন, শেষ পর্যন্ত ম্যাচটা ২-২ গোলে ড্র করতে পারলেও পর্তুগালের ভাগ্যটা আছে সুতোর ওপরেই। জয় পেলেই শুধু ফেলতে পারতেন ভারমুক্তির নিঃশ্বাস। এখন সেটা আটকা পড়ে আছে অনেক ‘যদি’, ‘কিন্তু’র গোলকধাঁধায়। পরশু মানাউসের ম্যাচটা খেলোয়াড়দের শারীিরক সামর্থ্যের চূড়ান্ত পরীক্ষাই নিয়েছে। আমাজনের কোলঘেঁষা শহরে তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৬৬ শতাংশ। খেলোয়াড়দের আক্ষরিক অর্থেই নাভিশ্বাস উঠে যাচ্ছিল। ৩৯ মিনিটে তো রেফারি বাধ্য হয়ে একটা বিরতিই দিয়ে দেন। তার আগেই অবশ্য পাঁচ মিনিটে নানির গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে এর পরেই লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ৬৪ মিনিটে জারমেইন জোন্সের দারুণ এক গোলে ম্যাচে সমতা। এরপর ৮১ মিনিটে ক্লিন্ট ডেম্পসির গোলে যখন আবার এগিয়ে যায়, মনে হচ্ছিল পরশুই হয়তো পরের পর্ব নিশ্চিত করে ফেলবে যুক্তরাষ্ট্র। ভ্যারেলার নাটকীয় ওই গোলে শেষ পর্যন্ত সেটা হয়নি। কিন্তু তার পরও তো পর্তুগালের সম্ভাবনা এখনো ক্ষীণ। শেষ ম্যাচে ঘানাকে শুধু নিজেরা বড় ব্যবধানে হারালে চলবে না, প্রার্থনা করতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানিও যেন তা-ই করে। পরশুর খেলাটা কোচ পাওলো বেন্তোকে আশা দেবে না মোটেই। শেষের ওই এক ক্রস ছাড়া পুরো ম্যাচে রোনালদো নিজেকে হারিয়ে খুঁজেছেন। মনে হচ্ছিল, পুরোপুরি ফিট নন ‘সিআর সেভেন’। পর্তুগাল কোচ পাওলো বেন্তোর দাবি অবশ্য অন্য রকম, ‘রোনালদো ফিট ছিল, সে পুরো ৯০ মিনিট মাঠে খেলেছে। তার কোনো সমস্যা ছিল বলে মনে হয়নি।’ কিন্তু রোনালদো তো একজন, আরও তো ১০ জন আছে। তাঁদের এই ছন্নছাড়া দশা কেন? বেন্তো আগলে রাখলেন সতীর্থদের, ‘খেলোয়াড়দের জন্য এটা নাজুক একটা মুহূর্ত। এখন কাউকে সমালোচনা করার সময় নয়। বরং সমালোচনা করতে চাইলে আমাকে করতে পারেন। আজকে ফলটা নিজেদের পক্ষে নেওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু পারিনি। এখন আমাদের ঘানাকে হারাতে হবে।’ জয়টা এভাবে হাত ফসকে যাওয়ায় ক্লিন্সমান হতাশ তো হবেনই। তবে পরের পর্ব এখন উজ্জ্বল যুক্তরাষ্ট্রের দৃষ্টিসীমায়। ক্লিন্সমানের স্বীকারোক্তি, ‘প্রথম দুই ম্যাচ থেকে চার পয়েন্ট পেলে খুবই খুশি হতাম। কিন্তু শেষ মুহূর্তে গোল খাওয়া একটা ধাক্কাই। এটা এখন হজম করতে হবে।’ জার্মানির সঙ্গে পরের ম্যাচে এক পয়েন্ট েপলেই চলে যুক্তরাষ্ট্রের। ক্লিন্সমান আশাবাদী, ‘জার্মানির সঙ্গে ম্যাচে আমাদের ফল বের করে নিয়ে আসতে হবে।’ রয়টার্স৷