রোনালদোর জন্য শুভ ইঙ্গিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, না ফ্রাঙ্ক রিবেরি? আগামীকাল কার হাতে উঠবে ফিফা-ব্যালন ডি’অর?  ওয়েবসাইট
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, না ফ্রাঙ্ক রিবেরি? আগামীকাল কার হাতে উঠবে ফিফা-ব্যালন ডি’অর? ওয়েবসাইট

মারিয়া দোলোরেস সবকিছু বাঁধাছাঁদা করে ফেলেছেন। হুগো, এলমা ও লিলিয়ানাও তৈরি। ক্রিস্টিয়ানো রোনালদোর মা, ভাই ও দুই বোনকে কালই যে লিসবন থেকে উড়ে যেতে হবে জুরিখে! দোলোরেস তো মনের মধ্যে একটা ছবিই এঁকে ফেলেছেন, করতালির প্রকম্পিত শব্দে ছেলের হাতে উঠছে ফিফা-ব্যালন ডি’অর।

আর বাকি মাত্র এক দিন। এরপরই শেষ হবে সব জল্পনা-কল্পনা। যে পুরস্কার নিয়ে অনেক দিন থেকেই সরগরম ফুটবল-বিশ্ব, সেই ফিফা-ব্যালন ডি’অর কে পাচ্ছেন সেই অপেক্ষাও ফুরিয়ে এল বলে। মেসি, রোনালদো, না রিবেরি—কার ভাগ্যে শিকে ছিঁড়ছে?

এবারই প্রথম সিআর সেভেনের পুরো পরিবার থাকছে অনুষ্ঠানে। ২০০৮ সালে শুধু উপস্থিত ছিলেন ভাই ও ভগ্নিপতি। সেবার রোনালদোই জিতেছিলেন। অথচ গত বছর পরিবারের কেউ দূরে থাক, রোনালদো নিজেই আসেননি। আবার কি তাহলে সবকিছু রোনালদোর রাতের ইঙ্গিত দিচ্ছে?

একটা সুখবর অবশ্য পরশুই পেয়ে গেছেন রোনালদো। আলজেরিয়ার ক্রীড়া দৈনিক লা বুতোয়ার  বর্ষসেরা হয়েছেন পর্তুগিজ ফুটবলার। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ২২টি আরব দেশের সাংবাদিকদের ভোটে হয়েছে এই নির্বাচন। রোনালদো পেছনে ফেলেছেন রিবেরি ও মেসিকে। রোনালদোর পয়েন্ট ৩১৪, দ্বিতীয় হয়েছেন রিবেরি (২৪৫)। মেসি আরও ৫ পয়েন্ট কম পেয়েছেন (২৪০)! ব্যালন ডি’অরে এটা কতই বা প্রভাব ফেলবে! ভোটাভুটি হয়ে গেছে অনেক আগেই। তবে জল্পনা-কল্পনা তো আর থেমে থাকে না। শেষ মুহূর্তে সেটা জমে উঠবেই!

রোনালদো-মেসি এই মুহূর্তে মুখে কুলুপ এঁটে বসে আছেন। তবে ফ্রাঙ্ক রিবেরি চুপ করে বসে নেই। বায়ার্ন উইঙ্গার নিজের ঢোলটা অনেক দিন থেকেই পিটিয়ে আসছেন। কাল লে’কিপকে বললেন এটাই তাঁর সেরা সুযোগ, ‘আমি সম্ভাব্য সবকিছুই করেছি। এর চেয়ে বেশি করা আসলে কঠিন। আমি নিয়মিত খেলেছি, তেমন কোনো চোট ছাড়াই। সব ট্রফি জিতেছি, ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছি। আমি আত্মবিশ্বাসী, আমার ভালোই সুযোগ আছে। আর আমার বয়স ৩০ হয়ে গেছে। এটা এখন নয়তো কখনোই নয়।’ বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাথিয়াস সামারও মনে করেন রিবেরিই জিতবেন এটা।

বায়ার্নকে ত্রিমুকুট জেতানো রিবেরির আত্মবিশ্বাস অমূলক নয়। তবে ফ্রেঞ্চ উইঙ্গার একদিক দিয়ে এগিয়ে রাখছেন মেসিকেই, ‘মেসি ও রোনালদো দুজনেই গ্রেট খেলোয়াড়। অনেক গোল আছে তাঁদের। কিন্তু আমাদের তিনজনের একে অন্যের সঙ্গে তুলনা করাটা উচিত হবে না। আমাদের ধরন আলাদা। রোনালদো এ বছর অনেক গোল করেছে, কিন্তু মেসিই সব সময় বিশ্বের সেরা খেলোয়াড়। যদিও এই বছরে সে ভালোই চোটে ভুগেছে।’

রিবেরির মতে তাঁর ব্যালন ডি’অর জেতাটা হবে একধরনের ‘প্রতিশোধ’। সেটা আবার কার ওপর? খোলাসা করে বলেননি। কিন্তু যদি না জেতেন? ‘জীবন চলবে, ক্যারিয়ার তো আর থেমে থাকবে না’—রিবেরির দার্শনিক উত্তর। এএফপি, ওয়েবসাইট।