রোনালদোর জন্যই পর্তুগালের স্বপ্ন

স্বাগতিক ব্রাজিল, বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, জার্মানির সঙ্গে লিওনেল মেসির আর্জেন্টিনাও থাকছে ফেবারিট তালিকায়। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের গায়ে সেই তকমা নেই। কারণটাও অনুমেয়। পাউলো বেন্তোর দলটি অতটা তারকাখচিত নয়। ব্যতিক্রম শুধু রোনালদো। ব্রাজিল বিশ্বকাপের পর্তুগালকে নিয়ে তাই একটা প্রশ্নই ঘুরে ফিরছে—রোনালদো কি তাঁর দেশের জন্য তেমন কিছু করতে পারবেন, ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে যেমনটা করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা?
২৮ বছর আগে নিখুঁত একটা দল নিয়েই মেক্সিকো গিয়েছিল আর্জেন্টিনা। ব্যক্তিগত নৈপুণ্যে ম্যারাডোনা সেই দলটিকে তুলে দিয়েছিলেন বিশেষ উচ্চতায়। কিছু অবিশ্বাস্য পারফরম্যান্স এবং অসাধারণ গোল করে ম্যারাডোনা দেশকে উপহার দিয়েছিলেন ট্রফি।
রোনালদোরও সেই সামর্থ্য আছে। পর্তুগাল যে ব্রাজিল বিশ্বকাপে খেলছে, সে তো রিয়াল মাদ্রিদ তারকার জাদুতেই! সুইডেনের বিপক্ষে প্লে-অফের দুই লেগ মিলিয়ে দলের চারটি গোলই করেছেন তিনি। দ্বিতীয় লেগে করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। বিস্ফোরক গতি এবং গোলমুখে অসাধারণ দক্ষতায় পরাস্ত করেছিলেন সুইডেনকে। পর্তুগাল কোচ বেন্তোও বলছেন, রোনালদোকে কেন্দ্র করেই আবর্তিত হয় তাঁর দলের খেলা, ‘দলে তার প্রভাব বিশাল এবং সে-ই আমাদের হয়ে ম্যাচের ভাগ্য গড়ে দেয়।’ পর্তুগালকে আবার ‘ওয়ানম্যান টিম’ বলতে নারাজ বেন্তো। তবে বাস্তবতা বেন্তোর আপত্তিকে সমর্থন করে না। রোনালদোবিহীন পর্তুগালকে মনে হয় খুবই সাধারণ এক দল।
একটু পেছন ফিরে ২০১২ ইউরোর বাছাইপর্বের দিকে তাকালেই ব্যাপারটা স্পষ্ট হবে। সেবার চোটের কারণে বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি রোনালদো। পর্তুগাল প্রথম ম্যাচে সাইপ্রাসের সঙ্গে ড্র করে এবং নরওয়ের কাছে হেরে যায়। রোনালদো ফিরে টানা পাঁচ ম্যাচই জিতিয়ে পর্তুগালকে তুলে দেন ২০১২ ইউরোর চূড়ান্ত পর্বে।
ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার নানি সম্প্রতি চোটে ভুগছেন। মুতিনহো, মেইরেলেসরা আছেন বটে। তবে দলে তেমন মানসম্পন্ন মিডফিল্ডার নেই। নেই বিশ্বমানের সেন্টার ফরোয়ার্ডও। এই দলের চেয়ে বরং নব্বই দশকের পর্তুগাল অনেকটাই ভালো ছিল। লুইস ফিগোর নেতৃত্বে যাঁদের বলা হতো ‘সোনালি প্রজন্ম’। সেই সোনালি প্রজন্মও দেশকে কোনো শিরোপা জেতাতে পারেনি।
কিন্তু একজন রোনালদো আছেন বলেই আবার স্বপ্ন দেখছে পর্তুগিজরা। দেশের পক্ষে সর্বোচ্চ গোলের মালিক তিনি, অধিনায়কও। রোনালদো কি পারবেন দেশবাসীর আজন্ম আক্ষেপ পূরণ করতে? ওয়েবসাইট।