রোনালদোর জাদুঘর

মাদেইরা। আটলান্টিক মহাসাগরের তীরে পর্তুগালের স্বায়ত্তশাসিত ছোট্ট দ্বীপরাজ্য। এর পাহাড়-পর্বত আর সমুদ্রঘেঁষা শান্ত প্রকৃতি পর্যটকদের খুব টানে। এসবের সঙ্গে এখন থেকে মাদেইরা পর্যটকদের দর্শনীয় স্থানের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো জাদুঘরও নিশ্চয়ই থাকবে।
গত পরশু রিয়াল মাদ্রিদ তারকা মাদেইরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন নিজের জাদুঘর। ক্যারিয়ারজুড়ে তাঁর যত অর্জন, সবই ঠাঁই পেয়েছে জাদুঘরে। ১৯৯৩ সালে মাত্র ৮ বছর বয়সে আন্দোরিনহোর হয়ে জেতা ট্রফি থেকে শুরু করে ২০০৮ সালে জেতা ব্যালন ডি’অর, ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জেতা চ্যাম্পিয়নস লিগ, বর্তমান ক্লাব রিয়ালের হয়ে জেতা লা লিগা ও কোপা ডেল রে—সব মিলিয়ে ১৫০টি ট্রফি-পদক থরে থরে সাজানো হয়েছে রোনালদোর জাদুঘরে।
এখন গেলে অবশ্য কিছু ফাঁকা তাকও চোখে পড়বে। ফিফা-ব্যালন ডি’অর এবং চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ‘লা দেসিমা’ রাখার জন্য জায়গা রেখে দিয়েছেন রোনালদো! জাদুঘর উদ্বোধনের পর রোনালদোই বলেছেন, ‘আরও ট্রফি রাখার জায়গা রাখা আছে। আমি নির্দিষ্ট করে বলতে চাই না। সব সময়ই আমি আরও ট্রফি-পদক জিততে চাই। যদি ব্যালন ডি’অরটা আসে, তার জন্য এখানে আলাদা জায়গা রাখা আছে।’
জন্ম, বেড়ে ওঠা, ফুটবলের হাতেখড়ি মাদেইরাতেই। সেখানে জাদুঘর করতে পেরে রোনালদো উচ্ছ্বসিত, ‘এই শহরে আমার জন্ম। আমি গর্বিত, এখানে আমার একটা জাদুঘর আছে।’ এই যে এত এত পদক, এর কোনটা তাঁর কাছে বিশেষ? রোনালদোর উত্তর, ‘আমার কাছে সবগুলোই বিশেষ। আমি নির্দিষ্ট করে কোনোটাকে আলাদা করতে চাই না। যদিও কিছু কিছু অন্যগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে এর সবগুলোই বিশেষ তাৎপর্যপূর্ণ।’ ওয়েবসাইট।