রোনালদোর জোড়া গোলে কোপার ফাইনালে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনাল্টির সুযোগ একদম হাতছাড়া করেননি রোনালদো। পেনাল্টি থেকে পাওয়া প্রথম গোলটি। ছবি: রয়টার্স।
পেনাল্টির সুযোগ একদম হাতছাড়া করেননি রোনালদো। পেনাল্টি থেকে পাওয়া প্রথম গোলটি। ছবি: রয়টার্স।

দুই মাদ্রিদের লড়াইয়ে অ্যাটলেটিকোকে ২-০ গোলে হারিয়ে কোপা ডেল রের ফাইনালে উঠেছে রিয়াল। পেনাল্টি থেকে দুটি গোলই করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
দুই লেগ মিলিয়ে অ্যাটলেটিকোকে ৫-০ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। ফাইনালে কাকে পাচ্ছে রিয়াল? আজ রাতে বার্সেলোনা-রিয়াল সোসিয়েদাদের ম্যাচ শেষে এই প্রশ্নের উত্তর পাবেন রিয়াল কোচ।
প্রথম লেগে ৩-০ গোলের জয় পাওয়ায় ফাইনালের মঞ্চে এক পা অবশ্য আগেই দিয়ে রেখেছিল রিয়াল। তবুও স্বাগতিক হওয়ার কারণে অন্তত একটি জয়ের আশায় অ্যাটলেটিকো সমর্থকেরা ভিসেন্তে ক্যালদেরনে হাজির হয়েছিলেন। কিন্তু সেই সুযোগ একেবারেই দেয়নি রিয়াল।
বুধবার রাতের সেমিফাইনালের দ্বিতীয় লেগের প্রথমার্ধেই অ্যাটলেটিকোর ঘাড় মটকে দেয় তারা। গোলমুখের সামনে সিআর সেভেনকে থামাতে গিয়ে পেনাল্টির ফাঁদে পড়ে অ্যাটলেটিকো। ম্যাচের ৭ মিনিটে প্রথম গোল খেয়ে বেশ মুষড়ে পড়েন ডিয়েগো সিমিওনের যোদ্ধারা। এর নয় মিনিট পর অর্থাত্ ম্যাচের ১৬ মিনিটে একইভাবে গ্যারেথ বেলকে আটকাতে গিয়ে ফের পেনাল্টি। ফলাফল একই, রোনালদোর পেনাল্টি শটে দ্বিতীয় গোল হজম করতে হয় অ্যাটলেটিকোকে।

জোড়া গোল করে গত রাতে সদ্যপ্রয়াত স্প্যানিশ কোচ লুইস আরাগোনাসের একটি রেকর্ড ভেঙেছেন পর্তুগিজ উইঙ্গার। রিয়াল ও অ্যাটলেটিকোর কোপা ডেল রের লড়াইয়ে সর্বোচ্চ ৪ গোল ছিল আরাগোনাসের। এখন সিআর সেভেনের গোল সংখ্যা ৫। 

এদিকে প্রথমার্ধের শেষ দিকে গ্যালারি থেকে এক সমর্থকের ছোড়া লাইটারে আহত হয়ে মাঠ ছাড়েন রোনালদো। অবশ্য ব্যথা খুব গুরুতর নয়। হালকা চিকিত্সা শেষে দ্রুতই মাঠে ফেরেন রিয়াল তারকা। তবে এ ঘটনায় অ্যাটলেটিকোর মুখপাত্র ক্লেমেন্তে ভিয়াভেরদে বলেন, ‘সমর্থকদের এ আচরণ প্রত্যাখ্যান করি। কেউ কিছু ছুড়ে মারেনি।’

ফাইনালে ওঠার পর আনচেলত্তির মন্তব্য, ‘আমরা সব প্রতিযোগিতায় জিততে চাই। এ-ও সত্য, এ টুর্নামেন্টের গুরুত্ব আমাদের কাছে সামান্যই। কেননা আমাদের সামনে রয়েছে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা। তবে ফাইনাল সব সময় যেকোনো দলের জন্য বিরাট কিছু।’ এএফপি, রয়টার্স ও ওয়েবসাইট।