রোনালদোর জোড়া গোলে শেষ চারে রিয়াল মাদ্রিদ
নির্বিঘ্নেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। এপোয়েলের বিপক্ষে প্রথম লেগের খেলায় ৩-০ গোলে জয়ের পর গতকালও দ্বিতীয় লেগের খেলায় ৫-২ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে ইউরোপ সেরার লড়াইয়ের শেষ চারের টিকিট নিশ্চিত করেছে এই স্প্যানিশ জায়ান্ট। পর্তুগিজ স্ট্রাইকার রোনালদোর পা থেকে এসেছে দুটি গোল।গতকাল নিজেদের মাঠে প্রতিপক্ষকে একেবারেই দাঁড়াতে দেয়নি রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের ২৬ মিনিটের মাথায় রিয়ালকে প্রথম গোলটি এনে দেন রোনালদো। ১০ মিনিট পরে দূরপাল্লার শট থেকে দৃষ্টিনন্দন এক গোল করে ব্যবধান বাড়িয়ে দেন রিয়ালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার কাকা। ২-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করার পর মিডফিল্ডার গুস্তাভো মান্ডুকার গোলে ব্যবধান কমায় এপোয়েল। তবে এই গোল উদযাপনের পর আবার হতাশায় ডুবতে হয় তাদেরকে। ৭৫ ও ৮০ মিনিটে এপোয়েলের জালে আরও দুবার বল জড়ান রোনালদো ও জোসে মারিয়া। ৮৪ মিনিটে তাদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার অ্যাঙ্গেলো ডি মারিয়া।