রোনালদোর জয়ের বছর ২০১০!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক ত্রিমুকুট। এক বছরে ছয়টি শিরোপা। গত বছরটা বার্সেলোনারই ছিল। রিয়াল মাদ্রিদ শুধু তাকিয়ে তাকিয়ে বার্সেলোনার উত্সব দেখেছে, দেখেছে একের পর এক সাফল্যতিলক পরতে। কিন্তু এবার আর এটা হতে দিতে চায় না তারা। তবে ২০১০ বছরটা নিজেদের করে নিতে চান বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। ‘২০১০-এর সেরা দল হবে রিয়াল মাদ্রিদ। পথে যা পড়ে তার সবটা জয়ের জন্য নিজেদের উদ্বুদ্ধ করতে হবে আমাদের’—বলেছেন রিয়ালের পর্তুগিজ উইঙ্গার রোনালদো।স্প্যানিশ লিগে রেকর্ড ৩১টি শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগেরও সেরা। নতুন-পুরোনো মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের ৯টি শিরোপা জিতেছে তারা। তবে সর্বশেষ জেতা চ্যাম্পিয়নস লিগ ট্রফিটায় ধুলোই জমে গেছে। ২০০১-০২ মৌসুমের পর যে আর চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি। প্রায় আট বছর ধরে দশম শিরোপা হাতছানি দিয়ে ডাকছে রিয়ালকে। এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হচ্ছে রিয়াল মাদ্রিদের মাঠ বার্নাব্যুতে। নিজেদের মাঠে দশম শিরোপা পেতে মরিয়া রিয়াল মাদ্রিদ। ক্লাবের বয়-বেয়ারা থেকে শুরু করে সভাপতি, সবাই-ই জপছেন চ্যাম্পিয়নস লিগ বলে। ইউরোপ-সেরার মুকুটে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চুমু এঁকেছেন রোনালদো। রিয়ালের প্রত্যাশা পূরণ করতে আরেকবার এই শিরোপার স্বাদ নিতে চান, ‘সমর্থক এবং খেলোয়াড়, সবাই চ্যাম্পিয়নস লিগ জিততে চায়। এবারের ফাইনাল হচ্ছে বার্নাব্যুতে। তাই আমাদের জন্য বড় একটা সুযোগ এটা। চ্যাম্পিয়নস লিগ জয় আমার ক্যারিয়ারের সেরা অনুভূতি। এই সুযোগটা কিছুতেই আমরা আঙুল ফসকে পড়ে যেতে দিতে পারি না।’তবে ক্লাবের সবাই যেমন ‘চ্যাম্পিয়নস লিগ’ জপছে, এটা করা ঠিক নয় বলেই মনে করেন রোনালদো, ‘সবাই শুধু চ্যাম্পিয়নস লিগ, চ্যাম্পিয়নস লিগ, চ্যাম্পিয়নস লিগ করছে। এটা ঠিক নয়। কারণ এতে খেলোয়াড়দের ওপর চাপ পড়বে। আমরা যা করছি, সেটাই করে যেতে হবে—ম্যাচ জয়।’সবাই যখন শুধুই চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবছে, রোনালদোর চোখে খেলা করছে স্প্যানিশ লিগ জয়েরও স্বপ্ন। তিনি তো বলেই দিয়েছেন রিয়ালকে ২০১০-এর সেরা ক্লাব হিসেবে দেখতে চান, দেখতে চান অবধ্য এক দল হিসেবে, ‘মাদ্রিদ অবশ্যই চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্ব দেবে, জিততে হবে লা লিগাও।’ সবকিছুই জিততে চান রোনালদো, কাকা-রোনালদোর রিয়াল ভালোও খেলছে। তবে শেষাবধি ভাগ্যকেও না মেনে তিনি পারেন না, ‘সবকিছুই নির্ভর করে ভাগ্য আর ড্রয়ের ওপর...।’রোনালদোর আরেকটা বড় চ্যালেঞ্জ বিশ্বকাপ। পর্তুগালকে তিনি কতদূর নিয়ে যেতে পারেন, সেটাও দেখতে চাইবে সবাই। রোনালদোর পর্তুগালকে সেখানে বড় পরীক্ষা দিতে হচ্ছে গ্রুপ পর্বেই। ‘জি’ গ্রুপে ব্রাজিল, আইভরিকোস্ট ও উত্তর কোরিয়া তাদের প্রতিপক্ষ। তবে রোনালদোর ভয় নেই। তিনি গ্রুপ পর্বকে ছাপিয়ে গিয়েই স্বপ্ন দেখছেন, ‘ব্রাজিল অবিশ্বাস্য এক দল। আমি স্পেনের বিপক্ষে খেলতে চাই। এর অর্থ ব্রাজিল ও আইভরিকোস্টকে হারিয়েই এটা করতে হবে!’ ওয়েবসাইট।