রোনালদোর দাম দেড় হাজার কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদের কাছে ক্রিস্টিয়ানো রোনালদো ‘মহামূল্য’। বিপুল পরিমাণ অর্থ দিয়ে তাই তাঁকে আরও কয়েক মৌসুমের জন্য রেখে দিতে চায় লস ব্ল্যাঙ্কোসরা। খুব তাড়াতাড়িই রোনালদোর সঙ্গে নতুন চুক্তিতে আসতে যাচ্ছে রিয়াল। যার ফলে এই পর্তুগিজ তারকা হতে যাচ্ছেন বিশ্বের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার।ফুটবল ওয়েবসাইট গোল ডটকমের এক খবরে রিয়াল মাদ্রিদের সঙ্গে রোনালদোর ‘রেকর্ড চুক্তির’ তথ্য প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটটি জানিয়েছে, এ ব্যাপারে রোনালদো-রিয়াল বেশ কিছুদিন ধরেই যে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছিল, তা একটা পরিণতি পাওয়ার পথে। খুব শিগগির রোনালদো রিয়ালের সঙ্গে এই নতুন চুক্তি সম্পাদন করতে যাচ্ছেন।রোনালদোর সঙ্গে রিয়ালের এই ‘হতে যাওয়া’ নতুন চুক্তিটি ইতিহাসই সৃষ্টি করতে যাচ্ছে। জানা গেছে, এই চুক্তির পরিমাণ প্রায় ১৫৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় দেড় হাজার কোটি টাকারও বেশি। এই চুক্তিতে রোনালদো কর-টর দিয়েও বছরে ১৫ মিলিয়ন ইউরো রোজগার করবেন। এটা কেবল সাম্প্রতিক সময়েই নয়, গোটা ফুটবল ইতিহাসেরই সব চুক্তিকে এলোমেলো করে দিতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর গত চার বছরের সময়কাল ছিল দুর্দান্ত। ১৯৯টি ম্যাচে অংশ নিয়ে রোনালদো প্রতিপক্ষের জালে বল ফেলেছেন ২০১ বার। রোনালদোর সঙ্গে রিয়ালের রেকর্ড চুক্তির তথ্য প্রকাশিত হলেও গত বৃহস্পতিবার রোনালদো-রিয়াল সম্পর্ক পড়ে গিয়েছিল অনিশ্চয়তার দোলাচলে। এক টুইটার বার্তায় রোনালদো জানিয়েছিলেন, কয়েক দিন ধরে রিয়ালের সঙ্গে তাঁর চুক্তি নিয়ে গণমাধ্যমে যেসব খবর বের হয়েছে, তার সবগুলোই ভিত্তিহীন। তিনি ঘোষণা করেছিলেন, রিয়ালের সঙ্গে তাঁর নতুন চুক্তি হওয়ার কোনো লক্ষণ নাকি নেই।রোনালদোর টুইটই রিয়াল কর্তৃপক্ষের টনক নড়িয়েছে—এ কথা নির্দ্বিধায় বলে দেওয়া যায়।রোনালদোকে যেকোনো মূল্যে রেখে দেওয়াটা অনুমিতই ছিল। সম্প্রতি ব্রাজিলীয় তারকা নেইমারকে দলে ভেড়াতে গিয়ে বার্সেলোনার কাছে পরাভব মানাটা রিয়ালের যেন সহ্য হচ্ছিল না। বরুসিয়া ডর্টমুন্ড থেকে রবার্ট লেভানডফস্কি ও গুনডোগানকে মাদ্রিদে আনতেও রিয়াল ব্যর্থতার পরিচয় দিয়েছে। রিয়াল ব্যর্থ হয়েছে ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও অ্যাগুয়েরো ও অ্যাটলেটিকো মাদ্রিদের রাদামেল ফ্যালকাওকে কবজা করতে। নাপোলি তারকা এডিনসন কাভানির দরদাম বেশি হয়ে যাওয়াও ওই আলোচনাটাও ব্যর্থ। এমন একটি সময়ে রোনালদোও যদি দল ছাড়তেন, তাহলে সেটা হতো রিয়ালের জন্য বিরাট এক ক্ষতি। যদিও রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেননি; বরং তিনি প্রস্তুত ছিলেন তাঁর চুক্তির মেয়াদ শেষ করতেই (২০১৫ সাল পর্যন্ত)।রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পরিকল্পনটা এ মুহূর্তে একেবারেই রোনালদোকেন্দ্রিক। তিনি ভবিষ্যতে রিয়ালের এমন একটি দল গড়তে চান, যা আবর্তিত হবে রোনালদোকে কেন্দ্র করেই। তাঁর ইচ্ছাটার প্রতিফলনই হতে যাচ্ছে রোনালদোর সঙ্গে রিয়ালের নতুন এই চুক্তি।