রোনালদোর দিকে চোখ পিএসজির
রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদো অসুখী—এই তথ্যের সূত্র ধরেই ছড়িয়ে পড়েছিল গুজব। রোনালদোকে চাইছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। পিএসজির কাতারি মালিক শেখ আল খেলাইফি ‘রোনালদোকে পিএসজি কোনো প্রস্তাব দেয়নি’ বলে গুজবটি উড়িয়ে দিয়েছিলেন বটে। তবে কার্লো আনচেলত্তি এবার স্পষ্টই জানিয়ে দিলেন, ক্রিস্টিয়ানো রোনালদো তাদের ভবিষ্যৎ লক্ষ্য। জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে রোনালদোর জুটি বাঁধার সম্ভাবনা আছে বলেও ইঙ্গিত করেছেন পিএসজির ইতালিয়ান কোচ।২০১১ সালে কাতারি মালিক কেনার পর ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাবটি এখন বিশ্বের অন্যতম বিত্তশালী ক্লাব। বিশ্বে এমন কোনো খেলোয়াড় নেই, যাঁকে কেনার সামর্থ্য পিএসজির নেই! তার প্রমাণ এবার মিলেছেও। গত দুই মৌসুমেই ফরাসি ক্লাবটি খেলোয়াড় কিনতে ঢেলেছে ২০ কোটি ইউরোর বেশি। সর্বশেষ বড় চুক্তি ইব্রাহিমোভিচের সঙ্গে। তা হলে রোনালদোকে কেন নয়? আনচেলত্তি বলছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকাকে প্যারিসেই নিয়ে আসতে চাইবেন তিনি। সাবেক এসি মিলান কোচের বিশ্বাস, ইব্রাহিমোভিচের সঙ্গে রোনালদোর জুটি বেঁধে খেলতে কোনো সমস্যাই হবে না, ‘আমি জানি না, ক্লাব চুক্তিটা করতে পারবে কি না। কারণ রোনালদো রিয়াল মাদ্রিদের প্রতীক। কিন্তু বিশ্বের কোন কোচ বলতে পারবেন, তিনি ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে চান না?’আনচেলত্তি বা পিএসজির রোনালদো-আশা পূরণ হবে কি না বলবে সময়। ম্যানচেস্টার ইউনাইটেড আর রিয়াল মাদ্রিদ পিছু নিয়েছে ‘ক্রোয়েশিয়ান মেসি’ অ্যালেন হালিলোভিচের। কিন্তু ডায়নামো জাগরেবের ১৬ বছর বয়সী খেলোয়াড় এখনই অত বড় ক্লাবে যেতে ইচ্ছুক নন। প্রতিভার ঝলক দেখিয়ে এই বয়সেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন। কিন্তু ক্রোয়েশিয়ান তরুণের কথা, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের গল্পটার কথা বলছেন? এই গুজব নিয়ে খুব বেশি ভাবতে চাই না। কী ঘটবে, সেই সিদ্ধান্তটা নেবে ডায়নামো জাগরেব। আমি যতটা পারি উন্নতি করতে চাই। এর বাইরে অন্য কোনো চিন্তা আমার মাথায় নেই।’ ওয়েবসাইট।