রোনালদোর দিনে ইউক্রেনের ফ্রান্স-বধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো পেরেছেন, পারেননি ইব্রা। কিন্তু সেটা ম্যাচ শেষে দুজনের সৌহার্দ্য বিনিময়ে বাধা হলো না। পরশু পর্তুগাল বনাম বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে  এএফপি
রোনালদো পেরেছেন, পারেননি ইব্রা। কিন্তু সেটা ম্যাচ শেষে দুজনের সৌহার্দ্য বিনিময়ে বাধা হলো না। পরশু পর্তুগাল বনাম বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে এএফপি

ফুটবল ২২ জনে খেলে। কিন্তু পরশুর ম্যাচের জানা কথাটা সবাই ভুলে গিয়ে যেন মেতে ছিল দুজনকে নিয়ে। ক্রিস্টিয়ানো রোনালদো নাকি জ্লাতান ইব্রাহিমোভিচ? শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ ছেড়েছেন রোনালদোই। তাঁর করা গোলটাই লিখে দিয়েছে ম্যাচের ভাগ্য, নিজেদের মাঠে পর্তুগাল সুইডেনকে হারিয়েছে ১-০ গোলে। তবে বিশ্বকাপ বাছাই প্লে-অফে এর চেয়েও চমক জাগানো খবর হলো ইউক্রেনের কাছে ফ্রান্সের ২-০ গোলে হেরে যাওয়া।

কিছুতেই কিছু হচ্ছিল না রোনালদোর। মাঝে মাঝেই ভুল পাস দিচ্ছিলেন। প্রতিপক্ষের রক্ষণ চিরে ফেলা সেই দুর্দান্ত দৌড় বা বুলেট গতির ‘ট্রেডমার্ক’ শটের দেখা মিলছিল না। দিনটা তাঁর জন্য নিষ্ফলা যাওয়ারই আভাস দিচ্ছিল। লিসবনের এস্তাদিও দা লুজের ৬৪ হাজার দর্শক বাদ্যি বাজিয়ে, চেঁচিয়ে গান গেয়ে জানাচ্ছিল, ‘রোনালদো, আমরা তোমার পাশেই আছি।’ শেষ পর্যন্ত আস্থার প্রতিদান দিলেন ‘সিআর সেভেন’।

ম্যাচের তখন ৮২ মিনিট। তখনই বাঁ দিক দিয়ে মিগুয়েল ভেলোসো ক্রস করলেন। চিলের মতো ঝাঁপিয়ে রোনালদোর হেড খুঁজে নিল জাল। এই গোলটাই লিখে দিল ম্যাচের ভাগ্য।
খানিক পর রোনালদো আরেকটা গোলও পেতে পারতেন। পোস্ট বাধা না হয়ে দাঁড়ালে সুইডেনের বিশ্বকাপ-এপিটাফ তখনই হয়তো লেখা হয়ে যেত। সেটা হয়নি বলেই এখনো বেঁচে আছে ইব্রাদের আশা। সতর্ক রোনালদো তাই বললেন, ‘এখনো কিছুই ঠিক হয়নি। এটা এখনো ৫০-৫০। আমি কথা দিতে পারছি না বিশ্বকাপে নেবই, কিন্তু সেটা করতে সম্ভাব্য যা করা দরকার সবই করব।’

পরশু ফ্রান্সের হারটাই অনেকটাই অভাবিত। এই ইউক্রেনকেই গত ইউরোতে ফ্রান্স হারিয়েছিল ২-০ গোলে। এদিন ফল হলো ঠিক উল্টো। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফ্রান্সের ওপর চড়ে বসে স্বাগতিকেরা। ৬১ মিনিটে রোমান জজুলিয়ার গোলে উল্লাসে ফেটে পড়ে ৭০ হাজার দর্শকের কিয়েভ অলিম্পিক স্টেডিয়াম। আট মিনিট বাকি থাকতে আবারও উৎসবের উপলক্ষ। লরেন্ত কসিয়েলনি বক্সে ফেলে দিয়েছিলেন জজুলিয়াকে। পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান আন্দ্রে ইয়ারমোলেঙ্কো। পরে এই কসিয়েলনিই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

১৯৯৪ বিশ্বকাপের পর থেকে বড় সব টুর্নামেন্টেই নিয়মিত মুখ ফ্রান্স সমীহ করার মতো দলই। কিন্তু বিশ্বকাপ থেকে বাদ পড়ার হুমকিটা এখন ভালোই চোখ রাঙাচ্ছে তাদের। দুই দিন পর নিজেদের মাঠে এখন জিততে হবে অন্তত তিন গোলে। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম কোনো অজুহাত দাঁড় না করিয়ে কৃতিত্ব দিলেন প্রতিপক্ষকেই, ‘ওদের আমাদের অভিনন্দন জানাতেই হবে। ওরা এখন সুবিধাজনক অবস্থায় আছে। আমাদের এখন ঘুরে দাঁড়াতেই হবে।’ এএফপি, রয়টার্স।

এক নজরে ফল
পর্তুগাল ১: ০ সুইডেন
ইউক্রেন ২: ০ ফ্রান্স
গ্রিস ৩: ১ রোমানিয়া
আইসল্যান্ড ০: ০ ক্রোয়েশিয়া