রোনালদোর নতুন রেকর্ড
বেশ কিছুদিন ধরে ইউরোপিয়ান ফুটবলে আলোচনায় ছিলেন না এই সময়ের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার স্ট্রাইকার লিওনেল মেসির একের পর এক তাক লাগানো কীর্তি কিছুটা নিষ্প্রভই করে ফেলেছিল রোনালদোকে। তবে গতকাল নতুন একটি রেকর্ডের জন্ম দিয়ে আলোচনায় ফিরেছেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ স্ট্রাইকার। স্প্যানিশ লিগে সবচেয়ে দ্রুততম সময়ে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। গতকাল রিয়াল সোসিদাদের বিপক্ষে তাঁর জোড়া গোলে ৫-১ গোলের বড় ব্যবধানের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয় দিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা বার্সেলোনার সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থানটা আরও কিছুটা পাকাপোক্ত করেছে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবটি।নিজেদের মাঠে গতকাল খেলার ছয় মিনিটের মাথায় রিয়ালের পক্ষে প্রথম গোলটি করেন গঞ্জালো হিগুয়েইন। ৩২ মিনিটে রিয়ালের দ্বিতীয় গোলটি আসে রোনালদোর পা থেকে। ৪০ মিনিটে আরও একটি গোল করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এক মিনিট পরে অবশ্য এক গোলের ব্যবধান কমায় রিয়াল সোসিদাদ। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেন মরিনহোর শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটে সোসিদাদের জালে আরও একবার বল জড়িয়ে দেন বেনজেমা। ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এরপর বাকি সময় আরও কিছু সুযোগ সৃষ্টি করলেও সেগুলো থেকে গোল পায়নি রিয়াল মাদ্রিদ।স্প্যানিশ লিগে ২৯ ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আর মাত্র ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তবে সর্বোচ্চ গোলদাতার আসনটা এখনো আছে বার্সেলোনার মেসির দখলে (৩৫ গোল)। ২ গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রোনালদো।