রোনালদোর নেইমার-বন্দনা
নেইমারের বড়দিনের আনন্দটাকে দ্বিগুণ করে দিলেন রোনালদো। ব্রাজিলিয়ান কিংবদন্তি প্রশংসায় ভাসালেন উত্তরসূরিকে। বললেন, বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে ঠিকই ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন নেইমার। এমনকি নেইমার হতে পারেন দক্ষিণ আমেরিকা বা ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়।
গত গ্রীষ্মেই সান্তোস ছেড়ে যোগ দিয়েছেন বার্সেলোনায়। জুন-জুলাইয়ে ব্রাজিলকে কনফেডারেশনস কাপের শিরোপা জেতানো নেইমার কাতালান ক্লাবটিতেও নিজেকে মানিয়ে নিয়েছেন দ্রুতই। বড়দিনের ছুটিতে যাওয়ার আগে ছিলেন দুর্দান্ত ফর্মে। শেষ তিনটি ম্যাচে মেসির অনুপস্থিতি বার্সেলোনাকে বুঝতেই দেননি। উত্তরসূরির পারফরম্যান্স দেখে রোনালদো মুগ্ধ, ‘এটা বলা যায়, নেইমার গ্রেট খেলোয়াড় হবে। ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে সে ইতিহাস গড়বে।’ ব্রাজিলিয়ান টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আরও বলেছেন, ‘সে ঠিক পথেই আছে। সে অসাধারণ খেলোয়াড়। সাফল্য পেতে কী করতে হবে, সেদিকেই তার মনোযোগ।’ ওয়েবসাইট।