রোনালদোর পছন্দ মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল এক নির্বাচন হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচন এখনো বাকি। এই নির্বাচন নিয়েও সারা বিশ্বে আগ্রহ আছে। কৌতূহল আছে। এটাই পৃথিবীর একমাত্র নির্বাচন, যেখানে আক্ষরিক অর্থেই প্রতিনিধিত্ব থাকে বিশ্বের প্রায় সব দেশের। ফিফা বর্ষসেরা পুরস্কার, যার কেতাবি নাম এখন ফিফা ব্যালন ডি’অর।জানুয়ারির প্রথম সপ্তাহে জানা যাবে, কে জিতেছেন সেই ভোটে। এর আগ পর্যন্ত ‘নির্বাচনী প্রচারণা’ তো চলতেই থাকবে। কে কাকে ভোট দেবেন আর কার বিজয়ী হওয়া উচিত—এ নিয়ে চলবে কথার ফুলঝুরি।রোনালদো কিন্তু একটা ব্যাপারে নিশ্চিত। লিওনেল মেসিই যে সবার থেকে এগিয়ে, এ নিয়ে কোনো সন্দেহই তাঁর নেই! এ কথা শুনে চমকে ওঠারই কথা। কারণ, আগের দিনই না জানা গেল, রোনালদো নিজেকে ছাড়া আর কাউকেই এবার সেরা মনে করছেন না। সম্ভব হলে নিজেকেই ভোট দিতেন পর্তুগাল অধিনায়ক। আর সেই তিনিই এখন কিনা বলছেন, সেরা তাঁরই প্রতিদ্বন্দ্বী! না, পুরোপুরি হকচকিয়ে যাওয়ার আগে এটা অন্তত শুনুন, এই রোনালদো ক্রিস্টিয়ানো নন। পুরো নাম রোনালদো লুইস নাজারিও ডি লিমা। মেসির আগে যে দুজন খেলোয়াড় তিনবার ফিফা বর্ষসেরা হয়েছেন, এই ব্রাজিলিয়ান তাঁদেরই একজন। মেসি আবার সেই কীর্তি গড়েছেন টানা তিন বছর ধরে বর্ষসেরা হয়ে। ব্রাজিল কিংবদন্তি মনে করেন, টানা চতুর্থবারের মতোও এই পুরস্কার মেসিরই প্রাপ্য।তাঁর মিতার খেলাও খুব ভালো লাগে, তবে ভোট দেওয়ার ক্ষমতা থাকলে মেসিকেই দিতেন জানিয়ে ‘বড় রোনালদো’ বলেছেন, ‘এই দুজনের কাকে বেছে নেব, এ নিয়ে আমি দ্বিধায় আছি। তবে আমি ভোট দিলে হয়তো মেসিই আমার ভোট পেত। কারণ, ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া, অনেক অনেক গোল আর ট্রফি জেতার পাশাপাশি ও ফুটবলে একটা বিশেষ এবং আলাদা ধরনের জাদু নিয়ে এসেছে। ক্রিস্টিয়ানো টেকনিকের দিক দিয়ে অসাধারণ, দক্ষ, অনেক কার্যকর। কিন্তু মেসি সেই অপ্রত্যাশিত খেলাটা নিয়মিত খেলেই যাচ্ছে।’রোনালদোর রিয়াল সতীর্থ ইকার ক্যাসিয়াস অবশ্য নিজেকে ভোট দেওয়ার মতো ‘অহংকারী’ হতে চান না। সুযোগ থাকলেও নিজেকে ভোট দিতেন না স্পেন অধিনায়ক, ‘সত্যি বলতে কি, আমি নিজেকে ভোট দিতে পারি না। নিজের বদলে অন্য কারও কাছ থেকে স্বীকৃতি পেতেই আমার ভালো লাগে।’ এবারও সংক্ষিপ্ত তালিকায় থাকলেও বিশ্বসেরা এই গোলরক্ষক পুরস্কার জেতার ব্যাপারে আশাবাদী নন। তাঁর মতে, গোলরক্ষক হিসেবে এই পুরস্কার জেতা অসম্ভবের কাছাকাছি। ওদিকে ক্যাসিয়াসের ক্লাব সতীর্থ মেসুত ওজিল বলছেন, তিনি ভোট দেওয়ার সুযোগ পেলে রোনালদো ও ক্যাসিয়াস দুজনকেই ভোট দিতেন। ওয়েবসাইট।