রোনালদোর পারিশ্রমিকের রেকর্ড ভাঙছেন মেসি

শুধু মাঠের লড়াইয়েই না, মেসি-রোনালদোর দ্বৈরথটা চলছে অর্থকড়ি প্রাপ্তির হিসাবেও। সেই দিক থেকে এখন পর্যন্ত রোনালদোই এগিয়ে আছেন। গত বছরের সেপ্টেম্বরে নতুন একটি চুক্তি স্বাক্ষর করে পর্তুগিজ এই তারকাই হয়ে গেছেন বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলার। তবে রোনালদোর চেয়ে খুব বেশিদিন হয়তো পিছিয়ে থাকতে হবে না মেসিকে। নতুন চুক্তি স্বাক্ষরের আয়োজন সম্পন্ন হলে আর্জেন্টাইন এই তারকাই সবার চেয়ে বেশি বেতন পাবেন বলে জানিয়েছেন বার্সেলোনার সভাপতি মারিয়া বার্তোমেউ।
মেসির বেতন বাড়ানো-সংক্রান্ত বিতর্কটা চলছে অনেক দিন ধরেই। সান্দ্রো রসেল একবার ইঙ্গিত দিয়েছিলেন যে, নতুন একটি চুক্তির মাধ্যমে মেসির বেতন বাড়ানো হবে। কিন্তু নেইমারের ট্রান্সফার ফি-সংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িয়ে সরে দাঁড়াতে হয়েছে রসেলকে। এরপর আবার সংশয় শুরু হয়েছিল নতুন চুক্তি স্বাক্ষর নিয়ে। চুক্তির শর্তাবলি নিয়ে সমঝোতায় পৌঁছানো যাচ্ছে না বলে মেসি বার্সেলোনাও ছেড়ে দিতে পারেন, এমন গুজবও উঠেছিল। কিন্তু সেগুলো যে শুধুই গুজব ছিল, সেটাই নতুন করে জানালেন বার্তোমেউ।
পূর্বসূরি রসেলের কথার পুনরাবৃত্তি করেছেন বার্সেলোনার বর্তমান সভাপতিও। বিশ্বের সেরা খেলোয়াড়ের বেতনটাও সবার চেয়ে বেশি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বার্তোমেউ, ‘মেসি আমাদের তারকা। তার বর্তমান চুক্তির মেয়াদও আছে ২০১৮ সাল পর্যন্ত। কারণ আমরা চাই সে বার্সেলোনার ভবিষ্যতে সক্রিয়ভাবে অবদান রাখুক। ক্লাবের এ রকম ইচ্ছাও আছে যে, মেসিই যেন বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড় হয়। সে বিশ্বের সেরা খেলোয়াড়। আর আমরা আগেও অনেকবার বলেছি যে, বিশ্বসেরা খেলোয়াড়ের বেতনটাও সবার চেয়ে বেশিই হওয়া উচিত।’
বেতন বা নতুন চুক্তি স্বাক্ষর নিয়ে মেসির সঙ্গে বার্সেলোনার কোনো বিবাদ হয়নি বলেও সমর্থকদের আশ্বস্ত করেছেন বার্তোমেউ। তবে চুক্তি স্বাক্ষরের কাজটা ধীরেসুস্থেই সারতে চান বার্সা সভাপতি, ‘মেসি এমন একজন খেলোয়াড়, যে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। বিগত কয়েক বছরে সে বার্সেলোনাকে অনেক সাফল্য এনে দিয়েছে। সে কারণেই তার সঙ্গে আমাদের ২০১৮ সাল পর্যন্ত চুক্তি আছে। আর আমাদের মধ্যে কোনো মনোমালিন্যও নেই। একটা সমঝোতায় পৌঁছানোর আকাঙ্ক্ষা দুই পক্ষেরই প্রবলভাবে আছে। আমরা সেখানে অবশ্যই যাব। কাজটা আমরা করব ধীরেসুস্থে। আমরা নিশ্চিত যে মেসির সঙ্গে একটা চুক্তি আমরা করতে পারব। কারণ এটা মেসিরও ইচ্ছা। কয়েক দিন আগেও সে এটা বলেছে। কাজেই বার্সেলোনাতে মেসি আরও দীর্ঘদিনই থাকবে।’