রোনালদোর পাশে মরিনহো
ভাগ্যের কী আশ্চর্য খেল! লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোকে গেঁথে ফেলল এক সুতোয়। আগের দিন ম্যাচ শেষে মেসির পাশে দাঁড়িয়েছিলেন পেপ গার্দিওলা। পরশু রোনালদোর পাশে এসে দাঁড়ালেন হোসে মরিনহো। বার্সা কোচ যা মনে করিয়ে দিয়েছিলেন, সেই একই শব্দ একটু অন্যভাবে উচ্চারিত হলো রিয়াল কোচের কণ্ঠে। মরিনহো বললেন, ব্যর্থতার দায় রোনালদোর কাঁধে দেওয়াটা হবে অন্যায়। রোনালদোও রক্ত-মাংসের মানুষ—ভুলে যাওয়া তথ্যটাই যেন সমর্থকদের মনে করিয়ে দিলেন পর্তুগিজ কোচ, ‘একদিন না একদিন ক্রিস্টিয়ানো ব্যর্থ হতোই।’অনিবার্যভাবে এদিন সংবাদ সম্মেলনে এল মেসির প্রসঙ্গও। এই দুই খেলোয়াড়ের মধ্যে ‘তুলনা করব না’ বলেও শেষ পর্যন্ত তুলনাই করলেন মরিনহো, ‘ক্রিস্টিয়ানো দুর্দান্ত এক খেলোয়াড়। ওর সঙ্গে মেসির তুলনা করব না। আমরা আসলে দুজন গ্রেট খেলোয়াড়ের কথা বলছি। তবে এ বছর ক্রিস্টিয়ানোই সেরা ছিল।’ শুধু রোনালদো নয়, এদিন রিয়ালের চার খেলোয়াড়ের তিনজনই পেনাল্টি মিস করেছেন। মরিনহো দুষছেন না কাউকেই, ‘যারা শট মিস করে, তারা কিন্তু পেনাল্টি শট নিতে আসার মতো সাহসও দেখায়। ভয়ডরহীন, নিঃস্বার্থ। আমি আমার খেলোয়াড়দের জন্য গর্বিত। এরা সুপার ম্যান, কিন্তু সুপারম্যান নয়, সুপারম্যান শুধু সিনেমায় থাকে। কাল মেসি মিস করেছে, আজ আমাদের তিন খেলোয়াড়। কারণ, এটাই ফুটবল। ফুটবলে এমনটা হয়ই।’যারা সমালোচনা করছে, তাদের উদ্দেশে মরিনহোর চাবুক, ‘যারা সমালোচনা করে, এ ধরনের ভুল নিয়ে প্রশ্ন তোলে, তারা সেই সব মানুষ, সিঁড়ি দিয়ে দুটো তলা উঠতেই হাঁপিয়ে যায়। আর আমার খেলোয়াড়েরা আজ দুই ঘণ্টা পশুর মতো খেটেছে। নিজেদের সবটুকু নিংড়ে দিয়েছে। তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে।’ স্প্যানিশ লিগের সবচেয়ে গুরুতপূর্ণ ম্যাচ এল ক্লাসিকো মৌসুমের এই সময়ে আয়োজনেরও কড়া সমালোচনা করেছেন মরিনহো। এদিক দিয়ে তিনি যেন কথা বললেন বার্সার হয়েও, ‘চেলসি-বায়ার্ন দুই দলই আগের ম্যাচে নিজেদের দ্বিতীয় একাদশ নামিয়েছে। আর আমরা খেলছি মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।’ম্যাচে জিতেও বাদ পড়ার দুঃখ সইতে হচ্ছে মরিনহোকে। ম্যাচে দুই গোল করেও রোনালদো হয়ে গেছেন ‘ট্র্যাজিক হিরো’। ভিন্ন তিনটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার অনন্য কীর্তি গড়ার জন্য আরও কমপক্ষে এক বছর অপেক্ষা করতে হচ্ছে মরিনহোকে। ইউরোপ-সেরার দশম ট্রফিটির জন্য রিয়ালেরও অপেক্ষা বাড়ল। ইকার ক্যাসিয়াস অবশ্য বলছেন, টাইব্রেকার হলো লটারি। লটারিতে হেরে গিয়ে বাদ পড়ায় দুঃখ করার কিছু নেই। রিয়াল অধিনায়ক আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন—‘লিগ এখনো শেষ হয়নি।’ ওয়েবসাইট।