রোনালদোর পায়ে লুটাচ্ছে রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী। লিওনেল মেসিকে এই বার্তাই পাঠাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত তিন বছরে আক্ষরিক অর্থেই মেসি-গ্রহণে আড়ালে পড়ে গেছেন। গত দুবারের বর্ষসেরার পুরস্কার তো মেসিই ‘কেড়ে’ নিলেন। এই মৌসুমেও শুরু থেকে মেসি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর।কিন্তু মৌসুমের শেষ প্রান্তে আহত বাঘের মতো ফুঁসে উঠেছেন রোনালদো। সবাই তাঁকে অহংকারী বলেই জানে। রোনালদো একটু উদ্ধতও। সেই অহং নিয়ে ব্যক্তিগত দ্বৈরথটা অন্তত জেতার চেষ্টা করছেন। দলগত দ্বৈরথে কেবল কিংস কাপের শিরোপাটাই সঙ্গী তাঁর; লিগ আর চ্যাম্পিয়নস লিগ দু জায়গাতেই হেরেছেন মেসির কাছে।পর পর দু ম্যাচে হ্যাটট্রিক করে মেসিকে প্রায় ছুঁয়েই ফেলতে চললেন। পরশু তাঁর হ্যাটট্রিকে গেটাফেকে ৪-০ গোলে উড়িয়ে দিল রিয়াল (অন্য গোলটি করিম বেনজামার)। অন্তত এক দিন অপেক্ষা বাড়ল বার্সার শিরোপা নিশ্চিত করার উৎসব। অবশ্য কাল রাতে লেভান্তের সঙ্গে ড্র করে থাকলে টানা তৃতীয় লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা।এখানেও মেসির কাছে হার। মেসি এগিয়ে আছেন মৌসুমের মোট গোলের সংখ্যাতেও। কিন্তু খুব একটা পিছিয়েও নেই রোনালদো। মেসির পর তাঁরও এই মৌসুমের গোলের ফিফটি পূর্ণ হওয়ার অপেক্ষায়। কালকের ম্যাচের আগ পর্যন্ত সব মিলিয়ে মৌসুমে ৫৩ ম্যাচে ৫২ গোল মেসির। ৫২ ম্যাচে রোনালদোর গোল ৪৯। মোট হিসাবে হয়তো পিছিয়ে আছেন, কিন্তু লিগে গোলসংখ্যায় বেশ ভালোই এগিয়ে আছেন রোনালদো। রোনালদোর গোল ৩৬টি, পরশু পর্যন্ত মেসির গোল ছিল ৩১। পিচিচি ট্রফিটা এবার রোনালদোর হাতেই উঠবে প্রায় নিশ্চিত। এখানে রোনালদো আসলে আরেকটু এগিয়ে। তাঁর গোলসংখ্যা ৩৭!বিষয়টা ব্যাখ্যা করা দরকার। স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি দেয় ক্রীড়া দৈনিক মার্কা। গত বছর সেপ্টেম্বরে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রোনালদোর একটি গোল পরে পেপের নামে লেখা হয়, কারণ রোনালদোর নেওয়া শট পেপের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকেছিল। ফিফার নিয়ম অনুযায়ী গোলটি পেপের। কিন্তু মার্কার নিয়ম ভিন্ন। গোলটি রোনালদোরই। ফলে স্প্যানিশ পত্রিকাটির হিসাব বলছে, এই মৌসুমে রোনালদোর গোল ৩৭টি। সেই হিসাবে রোনালদোর ‘ফিফটি’ হয়ে গেছে পরশুই।তবে ৩৬ গোলও যদি হয়, তাতেও রোনালদো মেসির চেয়ে এগিয়ে ছিলেন পাঁচ-পাঁচটি গোলে। আর রোনালদোর মৌসুমের মোট গোলও যদি ৪৯টি ধরা হয়, তার পরও একটা রেকর্ড এরই মধ্যে ভেঙে ফেলেছেন। এক মৌসুমে রিয়ালের হয়ে সর্বোচ্চ ৪৭টি গোল করেছিলেন কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস, ১৯৫৯-৬০ মৌসুমে। রোনালদোর সামনে এখন আরেকটি রেকর্ড। এক মৌসুমে স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটি দুজনের দখলে। ১৯৫০-৫১ মৌসুমে অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে টেলমো জারা এবং ১৯৮৯-৯০ মৌসুমে রিয়ালেরই হয়ে হুগো সানচেজ করেছিলেন ৩৮ গোল। শেষ দুই ম্যাচে তিন গোল করতে পারলে রোনালদো ভেঙে দেবেন সেই রেকর্ড!এত এত রেকর্ড ভাঙাগড়ার খেলায় মেতে ওঠা পর্তুগিজ উইঙ্গার অবশ্য দাবি করছেন, ‘এটা সত্যি যে আমি সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য লড়াই করছি। কিন্তু তার মানে এই নয় আমি রেকর্ড ভাঙার জন্য উন্মুখ হয়ে আছি। আসলে রেকর্ড-টেকর্ড নিয়ে খুব একটা চিন্তাই করি না। এর চেয়ে আমি দলকে জেতাতেই বেশি পছন্দ করি। রেকর্ডটা ভাঙতে পারলে ভালো। কিন্তু যদি না পারি তাতে কিছুই আসে যায় না। আমি শুধু মুহূর্তটা উপভোগ করতে চাই।’তবে এটাও তো সত্যি, মুহূর্তটা তিনি সবচেয়ে বেশি উপভোগ করেন গোল করার সময়ই। আর সেটা যদি মেসিকে ছাপিয়ে যাওয়ার উপলক্ষ হয়, তা হলে তো সোনায় সোহাগা! এএফপি, রয়টার্স।