রোনালদোর পেনাল্টি মিস, পর্তুগালের হার
একের পর এক সুযোগ হেলায় হারানো, ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিস, পেপের আত্মঘাতী গোল—পর্তুগালের জন্য কাল লিসবনের রাতটা ছিল বড় অপয়া। সেই অপয়া সময়ের ফেরে ইউরোয় ভালো করার অভিপ্রায়ে মত্ত দলটি ৩-১ গোলে হেরেছে ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ না পাওয়া তুরস্কের কাছে।পুরো খেলায়ই বলের দখল নিজেদের পায়ে রেখেছিল পর্তুগাল। তুরস্ক ম্যাচটি জিতেছে কেবল গোলের সুযোগ কাজে লাগানোর সাফল্যের ওপর ভর করে। ইউরো শুরু হওয়ার মাত্র পাঁচ দিন বাকি থাকতে এই পরাজয় পর্তুগালের আত্মবিশ্বাসের মাত্রা নামিয়ে দিল অনেকটাই নিচে।প্রথমার্ধে তুরস্ক এগিয়ে ছিল ১-০ গোলে। খেলার ৩৫ মিনিটের সময় উমুত বুলুতের গোলে এগিয়ে যায় তুর্কিরা। ৫২ মিনিটে সেই উমুত বুলুতই আরও একটি গোল করে লিসবনের ৬৫ হাজার দর্শককে হতভম্ব করে দেন। ৫৭ মিনিটে পর্তুগালকে খেলায় ফেরান নানি। এর পরপরই পেনাল্টি মিস করে দলকে সমতায় ফেরা থেকে বঞ্চিত করেন সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৮৮ মিনিটের সময় ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেন পেপে—নিজেদের জালেই বল জড়িয়ে দিয়ে।ম্যাচ শেষে তুরস্কের কাছে নিজ দলের পরাজয়কে ‘বাজে ব্যাপার’ বলে মন্তব্য করেছেন কোচ পাওলো বেনতো। তিনি বলেছেন, ‘পরাজয়টি দলের জন্য ভালো না হলেও আশা করি খেলোয়াড়েরা নিজেদের ওপর বিশ্বাস হারাবে না।’বেনতোর মতে, ফুটবলে দিনের শেষের ফলটাই আসল। ভালো খেলে জিততে না পারলে সেই জেতার কোনো মূল্য নেই।’ কাল পর্তুগালের মাঠের পারফরম্যান্সকে এভাবেই মূল্যায়ন তাঁর। রয়টার্স।