রোনালদোর বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রিয়ালে সুখী নই’—এই ছোট্ট কথাটা বলে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল-ভক্ত গণমাধ্যমগুলো রোনালদোর সমালোচনায় মেতেছে। ক্ষুব্ধ রিয়ালের সাবেক খেলোয়াড়েরাও। তবে আশার কথা, উদ্ভূত পরিস্থিতিতে সতীর্থদের সমর্থন পাচ্ছেন এই পর্তুগিজ উইঙ্গার।রিয়ালের সাবেক ডিফেন্ডার এনরিকে পেরেজ দিয়াজ মনে করেন, সবার দৃষ্টি কাড়তেই এমন মন্তব্য করেছেন রোনালদো। রিয়ালে মোটেই অসুখী নন তিনি। গোল ডটকমকে দিয়াজ বলেন, ‘আমার কাছে এটা শিশুসুলভ আচরণ মনে হয়েছে। আমি মনে করি না, রিয়ালে রোনালদো সত্যি অসুখী। কোনো কারণ থাকলে সেটা নিয়ে ওর আগেই আলোচনা করা উচিত ছিল।’রোনালদোর বক্তব্যের সমালোচনা করে ৭৩ বছর বয়সী দিয়াজ বলেন, ‘মাদ্রিদে কেন ও ভালো নেই? গোটা দল ওকে ঘিরে আছে। সবার সহযোগিতায়ই ও এই অবস্থায় আসতে পেরেছে। রিয়ালে প্রতিটি খেলোয়াড় সুখী। রোনালদোও ব্যতিক্রম নয়। এখন দলবদলের বাজার বন্ধ হয়ে গেছে। ক্লাব ছেড়ে যেতে চাইলে ওর আগেই কথাটা বলা উচিত ছিল।’রিয়ালের মিডফিল্ডার কাকা ও ডিফেন্ডার আলবারো আরবেলোয়া অবশ্য মনে করেন, নিজের মনের কথাটা প্রকাশ করে মোটেও অন্যায় করেননি রোনালদো। দুজনেই পর্তুগিজ উইঙ্গারের প্রতি তাঁদের সমর্থন ব্যক্ত করেছেন।কাকা সাংবাদিকদের বলেন, ‘রিয়ালের সেরা খেলোয়াড় রোনালদো। ও জানে, ওর প্রতি আমাদের সমর্থন রয়েছে। রোনালদোর ভালো ও সুখে থাকাটা গুরুত্বপূর্ণ। আমরা সবাই ওর পাশে আছি।’ সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারে দেওয়া এক বার্তায় আরবেলোয়া রোনালদোকে সতর্ক করেই বলেন, তোমাকে সতর্ক হতে হবে। যদি তুমি সতর্ক না হও, তাহলে মিডিয়া তোমায় পেয়ে বসবে। মিডিয়া সাধারণত যারা নিষ্ঠুরতার শিকার, তাদের পছন্দ করে না, পছন্দ করে তাদেরই, যারা অন্যের প্রতি নিষ্ঠুর আচরণ করে।’গত পরশু গ্রানাডার বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো। কিন্তু নিজের গোল উদযাপনের সময় তিনি ছিলেন প্রাণহীন। মলিন উদযাপন নিয়ে ম্যাচ শেষে সাংবাদিকদের পর্তুগিজ তারকা বলেন, ‘এর কারণ হতে পারে আমার মন খানিকটা খারাপ। এটাই একমাত্র কারণ। আমি গোল উদযাপন করিনি, কারণ আমি সুখী নই।’ কেন সুখী নন, সেই ব্যাখ্যা অবশ্য রোনালদো দেননি। তবে সেটি রিয়াল কর্তৃপক্ষ জানে মন্তব্য করে রোনালদো বলেন, ‘আমি এর বেশি কিছু বলব না। এখানে যারা কাজ করে তারা জানে, কেন আমি সুখী নই।’