রোনালদোর বদল
বদলে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বদলে গেছে তাঁর খেলার ধরনও। এখন শুধু গোল করতেই নয় সতীর্থদের দিয়ে গোল করাতেও তাঁর আনন্দ। গোলের পর গোল করেছেন ক্লাব ও জাতীয় দলে। করেছেন রেকর্ডের পর রেকর্ড। তার পরও এই পর্তুগিজ ফরোয়ার্ড পরিচিত ছিলেন স্বার্থপর হিসেবে। সেই রোনালদো এখন পুরোপুরি দলীয় চেতনায় উদ্বুদ্ধ। নিজের চেয়েও দলীয় স্বার্থকেই দিচ্ছেন প্রাধান্য। আর এমনটাই ভাবছেন রিয়াল মাদ্রিদের সাবেক জার্মান কোচ বার্নড সুস্টার।সুস্টারের বিশ্বাস, রোনালদোর এই বদলে যাওয়ায় সবচেয়ে বেশি লাভবান হবে রিয়াল মাদ্রিদই। এই মৌসুমে যেটির প্রতিফলন দেখা যাচ্ছে লা লিগাতেও। রোনালদো এখন অনেক বেশি দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এ পর্যন্ত পাঁচ ম্যাচে সাত গোল করেছেন, তবে সতীর্থদের দিয়ে করিয়েছেনও অনেকগুলো।একটি রেডিওকে সুস্টার বলেছেন ‘ক্রিস্টিয়ানো খুব স্বার্থপর ছিল। তবে সে এখন বদলাচ্ছে। সে বুঝতে শিখেছে শুধু নিজের জন্য খেলে বেশি দূর যাওয়া যাবে না।’রোনালদোর ‘আমাকে দেখ’ মনোভাবটাও পাল্টাচ্ছে। এটির উল্লেখ করেছেন সুস্টার, ‘আগে সে সব সময়ই চমক জাগানো কিছু করতে চাইত। কিন্তু এখন সে সতীর্থদের জন্যও খেলে। যা-ই হোক তাঁর জন্য ভালোই লাগছে, দেরিতে হলেও তো বদলেছে। সে খুবই ভালো খেলোয়াড়।’ শুধু ‘খুব ভালো’ বলেই থেমে থাকেননি জেন্টো, রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকার চোখে রোনালদোই সময়ের সেরা খেলোয়াড়,‘ সে-ই সেরা। সে পরিপূর্ণ এক খেলোয়াড় এবং খেলার প্রতিটি বিভাগেই তার কর্তৃত্ব আছে।’ রিয়াল মাদ্রিদের আরেক সাবেক জোকো বলেছেন,‘ সে হলো একটা ফেনমেনন, এমন এক খেলোয়াড় যে ইতিহাস গড়বে।’ লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুবাদে গতবার জিতেছেন পিচিচি ট্রফি। আর যে দুজনের কীর্তিকে ছাপিয়ে লিগের সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েই রোনালদো পেয়েছেন পিচিচি ট্রফি, তাঁদের একজন হুগো সানচেজও প্রশংসায় ভাসিয়েছেন পর্তুগিজ তারকাকে। বলেছেন, ‘ গতি আর উচ্চাকাঙ্খা বিবেচনায় সে গ্রেট এক খেলোয়াড়। আমি আশা করব তার গোল এবার রিয়াল মাদ্রিদকে সাহায্য করবে লিগ জেতাতে।’ গত সপ্তাহে পিচিচি ট্রফি নেওয়ার অনুষ্ঠানেই রোনালদো ভেসেছেন এই শংসাবচনে। ওয়েবসাইট।